বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে দাপট দেখালেন ভারতের (Team India) প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগের (Virender Sehwag) ছেলে আর্যবীর। রাজকোটে ওয়ানডে ম্যাচ চলাকালীন ভারতের হয়ে শুরুতেই তাড়াহুড়ো না করে ধরে খেললেন সেহবাগ পুত্র। তবে শেষ পর্যন্ত 47 রান করলেও হাফ সেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর। এই আসরে হাফ সেঞ্চুরি করতে পারলে সেটা হতো আর্যবীরের প্রথম ওয়ানডে যুব অর্ধ-শতরান।
মাত্র তিন রানের জন্য হাফ সেঞ্চুরি ফসকালো সেহবাগ পুত্রের
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক লক্ষ্য রাইচন্দানি। এদিন তাঁর সাথেই ওপেনিং করতে নামেন আর্যবীর। বুকে অনেক আশা নিয়ে ব্যাট করতে এসেছিলেন তিনি। তবে অস্ট্রেলিয়ার বোলাররা প্রথমেই নিজেদের লাইন লেন্থ ঠিক রেখে আঁটসাঁট বোলিং করছিলেন। তাই ঝুঁকি নেননি সেহবাগ পুত্র। এরই মাঝে 29 বলে 11 রান করে আউট হয়ে যান অধিনায়ক। ভারত কিছুটা চাপে পড়ে গেলেও পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে থাকেন অর্যবীর।
এদিন প্রথম উইকেটে ভিকে বিনীতকে সঙ্গী করে এগিয়ে যাচ্ছিলেন ভারতীয় তারকার ছেলে। বল বুঝে খেলতে খেলতেই 47 রান করে ফেলেন আর্য। তবে হাফ সেঞ্চুরির খুব কাছে চলে গিয়েও শেষ পর্যন্ত উইকেট যেতে হয়েছিল তাঁকে। এদিন বিনীতের সাথে ভুল বোঝাবুঝির কারণে শেষ পর্যন্ত রান আউট হতে হয়েছিল আর্যবীরকে। ভারতীয় ওয়ানডে যুব দলের হয়ে প্রথম অর্ধশতরান না করতে পারায় যথেষ্ট হতাশ হন তিনি।
আরও পড়ুন: শত্রুদের যম! হাজার কিমি পাল্লার KAL ড্রোনের পরীক্ষায় সফল ভারত
যদিও, পরবর্তীতে দলের হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন ভিকে বিনীত ও যশবর্ধন সিং চৌহান। এদিন অস্ট্রেলিয়ার সামনে ব্যাট উঁচিয়ে 87 রান করেন বিনীত। অন্যদিকে চৌহানের ব্যাট থেকে আসে 112 রানের অনবদ্য ইনিংস। আর সেই সূত্র ধরেই শেষ পর্যন্ত 341 রানের বিরাট স্কোর গড়ে ফেলে টিম ইন্ডিয়া। এদিন প্রতিপক্ষের সামনে বড় রান তুলতে দলে বিরাট অবদান না থাকলেও শুরুতেই আগ্রাসি ব্যাটিং না করে বিচক্ষণতার সাথে পরিণত ক্রিকেট খেলেছিলেন আর্য। আর সেটাই প্রমাণ করে এই খেলোয়াড়ের মধ্যে কতটা গুণ রয়েছে।










