সৌভিক মুখার্জী, কলকাতা: কোনও অজানা নম্বর থেকে কল আসলে ফোন রিসিভ করার সময় শুধুমাত্র +৯১ কোডটি দেখে কি নিশ্চিত হয়ে যান যে কলটি ভারত থেকে করা হয়েছে (Scam Call)? যদি আপনি এমনটাই ভেবে থাকেন, তাহলে বড্ড বড় ভুল করছেন। কারণ, স্মার্টফোন ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করতে মারাত্মক স্ক্যাম করতে শুরু করেছে এখন সাইবার অপরাধীরা। এ বিষয়ে গ্রাহকদের সতর্ক করতে কেন্দ্রীয় সরকারের টেলিকমিউনিকেশন বিভাগ বা ডট (DoT) নির্দেশিকা জারি করেছে।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, ইদানিং এরকম অনেক ফোন কল আসছে যা আদতে বিদেশ থেকে করা আন্তর্জাতিক কল, কিন্তু সেগুলোতে স্ক্রিনের উপরে দেশের কোড হিসেবে ভারতের +৯১ নাম্বারটি ভেসে উঠছে। আর এই জালিয়াতির ফাঁদ থেকে বাঁচার জন্য থেকে অবিলম্বে বেশ কিছু কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে টেলিকম বিভাগ।
দেশের নম্বর হলেও কলটি বিদেশের
আসলে টেলি যোগাযোগ দপ্তরের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা একটি নির্দেশিকায় বলা হয়েছে, সাধারণত প্রতিটি আন্তর্জাতিক কলের শুরুতেই সেই নির্দিষ্ট দেশের কান্ট্রি কোড বা সংকেত থাকে। তবে বর্তমানে এই নতুন স্ক্যামে প্রতারকরা কলার আইডি স্পুফিং প্রযুক্তি ব্যবহার করছে। এর সাহায্যে অপরাধীরা ইন্টারনেটের মাধ্যমে করা কলটির মূল ভৌগোলিক অবস্থান আর প্রকৃত ফোন নম্বরটি গোপন করে দেয়। যার ফলে কলটি বিদেশ থেকে বা কোনও গোপন সার্ভার থেকে এলেও গ্রাহকদের মোবাইলে স্ক্রিনে তা +৯১ দিয়ে শুরু হওয়া কোনও সাধারণ ভারতীয় মোবাইল নম্বর হিসেবেই দেখায়।
টেলিকমিউনিকেশন দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন, এই সমস্ত ফেক কলের মূল লক্ষ্য হল গ্রাহকদের মধ্যে ভয় এবং আতঙ্ক সৃষ্টি করা। সাধারণভাবে এই চক্রের সঙ্গে জড়িত জালিয়াতিরা নিজেদের বড় পুলিশ অফিসার, কাস্টমস আধিকারিক বা সিবিআই এজেন্ট, ব্যাংকের ম্যানেজার কিংবা টেলিকম দপ্তরের বড় বড় কর্তা হিসেবে পরিচয় দেয়। এমনকি সেক্ষেত্রে ব্যবহারকারীদের বিভিন্ন রকম হুমকি দেওয়া হয়। যেমন “আপনার সিম কার্ড বন্ধ করে দেওয়া হবে”, “আপনার নামে কোনও বেআইনি ড্রাগের পার্সেল ধরা পড়েছে বা অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে”, “আপনার ক্রেডিট কার্ডের বা বিদ্যুৎ বিলের একটি বড় বকেয়া রয়েছে। যার জন্য পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারে।” এই সমস্ত আতঙ্কের বসে পড়েই মানুষ মাথা ঠান্ডা রাখতে পারেন না, এবং ব্যক্তিগত তথ্য দিয়ে ফেলেন। এতেই জালিয়াতিতে পড়েন আমজনতা।
আরও পড়ুন: এবার তীর্থযাত্রা হবে আরও সহজ, সড়কপথে জুড়ছে তারাপীঠ ও দেওঘর
বাঁচার উপায় জানাল DoT
তাই এগুলি এড়ানোর জন্য অবশ্যই কিছু পদক্ষেপ মাথায় রাখতে হবে। প্রথমত, কোনও সন্দেহজনক কলের পর হোয়াটসঅ্যাপ বা মেসেজ পাঠানো কোনও অজানা লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না। দ্বিতীয়ত, যদি আপনার কোনও বিদেশী কোড যুক্ত নম্বর থেকে মিসড কল আসে, তাহলে উল্টে কল ব্যাক করতে যাবেন না। তৃতীয়ত, সিম বন্ধ বা আইনি অ্যাকশনের ভয় দেখালে সেই ফোনটি সঙ্গে সঙ্গে কেটে দিন। কারণ, সরকারি সংস্থা বা ব্যাংক কোনও দিন গ্রাহকদের এভাবে ফোন করে পাসওয়ার্ড বা পিন জানতে চায় না।










