সৌভিক মুখার্জী, কলকাতা: এবার দেশের স্মার্টফোন বাজারে বিরাট চমক দিতে চলেছে OnePlus। এতদিন প্রিমিয়াম এবং মিড-রেঞ্জ স্মার্টফোনের জন্য পরিচিত এই কোম্পানি এবার বাজেট সেগমেন্টে পা রাখতে চলেছে। বিভিন্ন সূত্র মারফত খবর, OnePlus খুব শীঘ্রই ভারতে একটি নতুন স্মার্টফোন সিরিজ আনতে চলেছে, যেটির নাম হতে পারে OnePlus N Series। আর এই সিরিজের ফোনগুলোর দাম মোটামুটি 20 হাজার টাকার মধ্যেই হবে।
বাজেট সেগমেন্টে নতুন লড়াই OnePlus এর
বর্তমানে OnePlus এর সবথেকে সস্তার স্মার্টফোনগুলির দামও প্রায় 20 হাজার টাকার উপরে। এমনকি সম্পত্তি লঞ্চ হওয়া OnePlus Nord CE6 Lite এর প্রাথমিক দাম রাখা হয়েছিল 22,999 টাকা। সেক্ষেত্রে নতুন N সিরিজ বাজারে এলে যে প্রথমবারের মতো বাজেট সেগমেন্টের ক্রেতারা উপকৃত হবে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের স্মার্টফোন বাজারে 15 থেকে 20 হাজার টাকার রেঞ্জ সবথেকে প্রতিযোগিতামূলক। তবে Xiaomi, Lava, iQOO এর মতো একাধিক ব্র্যান্ড ইতিমধ্যেই এই সেগমেন্টে পাকাপোক্তভাবে অবস্থান করছে। যার ফলে OnePlus এখানে টিকে থাকতে গেলে ভালো ফিচার্স-ওয়ালা ফোন আনতে হবে।
রিপোর্ট মারফত জানা গিয়েছে, আগামী জুলাই মাসেই ভারতে নতুন N সিরিজ ফোন লঞ্চ হতে পারে। কিন্তু এখনও পর্যন্ত সংস্থার তরফ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। যদিও টেক মহল বলছে, OnePlus ইতিমধ্যে এই সিরিজ নিয়ে প্রস্তুতি শুরু করেছে, এবং একাধিক মডেল আনারও পরিকল্পনা করছে।
আরও পড়ুন: সপ্তম পে কমিশনে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের বেসিক বেতন ছাড়াবে ২ লাখ! বুঝুন হিসেব
কী কী থাকতে পারে এই নতুন সিরিজে?
যদিও এখনও পর্যন্ত সঠিক কিছু বলা যাচ্ছে না। কারণ, ফোনগুলির নির্দিষ্ট স্পেসিফিকেশন এখনও সামনে আসেনি। কিন্তু অনুমান করা যাচ্ছে, বাজেটের মধ্যে থেকেও ভালো পারফরমেন্স, আকর্ষণীয় ডিজাইন এবং OxygenOS এর মতো অভিজ্ঞতা থাকতে পারে এই ফোনে। আর OnePlus বরাবরই দ্রুত পারফরমেন্স এবং ক্লিন সফটওয়্যারের জন্য জনপ্রিয়। তাই কম দামে সেই একই অভিজ্ঞতা যাতে পাওয়া যায় সেই ব্যবস্থায় হয়তো করতে পারে সংস্থা।
তাই যারা নতুন বাজেট স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, তাদের অনেকেই এখন OnePlus এর এই নতুন সিরিজের দিকেই নজর রাখছেন। বিশেষ করে যারা কম দামি OnePlus এর ফোন ব্যবহার করতে চান, তাদের জন্য এটি আকর্ষণীয় বিকল্প হতে পারে। কিন্তু এখনও পর্যন্ত যেহেতু আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তাই সবটাই নির্ভর করছে সংস্থা ঠিক কী ফিচার্স এবং কোন দামে ফোনগুলি লঞ্চ করতে পারে তার উপরেই।










