অনন্যা সরকার, কলকাতা: বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীই তাদের ফোনের কিবোর্ড (Keyboard) শুধুমাত্র টাইপিং-এর কাজে ব্যবহার করে থাকেন। যদিও কিবোর্ডের কাজ মূলত টাইপিং করাই, কিন্তু টাইপিং ছাড়াও কিবোর্ড দিয়ে আরও বেশ কিছু কাজ করা যেতে পারে। কীবোর্ডের ট্রান্সলেশন, জেসচার, টেক্সট শর্টকাটের মত ফিচারগুলির সাহায্যে একাধিক টাস্ক করা যায়। কিন্তু মজার বিষয় হল, দীর্ঘদিন ধরে স্মার্টফোন ব্যবহার করেও অনেক ব্যবহারকারীই কিবোর্ডের এই কার্যকারিতাগুলির সাথে পরিচিত নন। এগুলি একবার জেনে নিলে ফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত হবে। চলুন তাহলে এই কিবোর্ড হ্যাকগুলি (Keyboard Hacks) দেখে নেওয়া যাক।
১) কিবোর্ড দিয়ে সহজেই ট্রান্সলেশন
যদি কোনো ইউজার স্মার্টফোনে গুগলের কিবোর্ড (Gboard) ব্যবহার করেন, তাহলে কিবোর্ডের ওপরে থাকা ট্রান্সলেশন অপশনটি অন করলে কিবোর্ড অন্য ভাষায় আসা টেক্সট মেসেজ পড়তে ও তার উত্তরটি সেই ভাষায় নিজে থেকেই অনুবাদ করে দিতে পারে। এর ফলে ইউজারকে অন্য কোন ট্রানসলেশন অ্যাপ ব্যবহার করতে হয় না। এই ফিচার সময় বাঁচানোর সাথে সাথে রিয়েলটাইমে অনুবাদের কাজটি ভালোভাবে করে দিতে পারে।
২) কিবোর্ডের ক্লিপবোর্ড অপশনের ব্যবহার
স্মার্টফোন ব্যবহারকারীরা টাইপিং করার সময় অনেক ক্ষেত্রেই বিভিন্ন জিনিস কপি করে রাখেন। এই কপি করা লেখাগুলি এক জায়গায় দেখার জন্য তারা আলাদা করে কোনও ক্লিপবোর্ড অ্যাপ ব্যবহার করে থাকেন। যদিও কিবোর্ড দিয়েই তা সহজে করা যায়। গুগল কিবোর্ডের মধ্যে ক্লিপবোর্ড অপশন থাকে, যার মধ্যে সমস্ত কপি করা জিনিসই এক জায়গায় দেখতে পাওয়া যায়। ফলে পুনরায় কপি করা আরও সহজ হয়ে ওঠে।
ভয়েস টাইপিং ফিচার দেয় দ্রুত টাইপিংয়ের সুবিধা
গুগল কিবোর্ডের থাকে ভয়েস টাইপিং ফিচার। এর মাধ্যমে যেকোনও ভাষায় সরাসরি মুখে বলে টাইপিং করা যায়। এতে টাইপিংয়ের গতির দ্রুত হওয়ার ফলে অনেক সময় বাঁচে। কিবোর্ড খুললে ওপরের ডানদিকে একটি মাইক্রোফোন অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করে কথা বলতে শুরু করলে ফোনে কথাটি টাইপ হতে থাকে।
৩) কিবোর্ডে বানানো যাবে পার্সোনাল ডিকশনারি
কিবোর্ডের শর্টকাট ব্যবহার করে খুব সহজেই একই জিনিস বারবার লেখা থেকে বাঁচা যায়। উদাহরণস্বরূপ বলা যায় যদি কেউ কোনও ব্যক্তির কাছে ঠিকানা চান তখন শুধুমাত্র একটি ছোট শব্দ লিখলেই সম্পূর্ণ ঠিকানাটি আপনা থেকে পেস্ট হয়ে যায়। এই সুবিধাটির জন্য আপনাকে গুগল কিবোর্ডের সেটিংসে গিয়ে ডিকশনারি অপশনে ক্লিক করে পার্সোনাল ডিকশনারি অপশনে গিয়ে পছন্দের ভাষা বেছে নিতে হবে। এরপর প্লাস অপশনে ক্লিক করে সেই টেক্সটি লিখতে হবে যেটির তিনি শর্টকাট চান, এক্ষেত্রে ঠিকানা। তাই পুরো ঠিকানাটি লিখে তারপর সেই শব্দটি লিখতে হবে যেটিকে তিনি শর্টকাট হিসেবে ব্যবহার করবেন। এভাবে ইউজার একাধিক শব্দ দিয়ে নিজস্ব পার্সোনালাইজড ডিকশনারি তৈরি করতে পারবেন।
আরও পড়ুনঃ ফসল বেচে দেন কোচিং ফি, UPSC ক্র্যাক করে আজ IPS কৃষকের ছেলে
৪) কিবোর্ড থেকে শেয়ার করা যাবে কন্টাক্টস ডিটেইলস
বেশিরভাগ ক্ষেত্রে কন্টাক্ট নম্বর শেয়ার করার জন্য ফোন বুকে গিয়ে সেই কন্টাক্ট নম্বরটি খুঁজে বার করে সেটিকে কপি করে পেস্ট করেন ইউজাররা। কিন্তু কিবোর্ড থেকে সরাসরি কন্টাক্ট ডিটেলস শেয়ার করার অপশন রয়েছে। এর জন্য গুগল কিবোর্ডের সিটিংসে গিয়ে কারেকশন অ্যান্ড সাজেশন অপশনে ক্লিক করে সাজেস্ট কন্টাক্টস ফিচারটি অন করে দিতে হবে। এরপর গুগল কিবোর্ড থেকে সরাসরি যেকোনো কন্টাক্ট ডিটেইলস শেয়ার করা যাবে।










