সহেলি মিত্র, কলকাতাঃ একদিকে মারাত্মক গরমে যখন দক্ষিণবঙ্গবাসীর (South Bengal) নাজেহাল অবস্থা, তখন আবহাওয়া নিয়ে আরও খারাপ খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। যত সময় এগোচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস হলেও ফিল লাইক ৫১ থেকে ৫২ ডিগ্রি হচ্ছে। অর্থাৎ রেকর্ড গরম যাকে বলে। এদিকে নিম্নচাপ আসছে, আবহাওয়া অফিসের এই পূর্বাভাস কিছুটা হলেও আশা জুগিয়েছিল অনেকের মনে। কিন্তু সেটা আর হচ্ছে না। বুধ–বৃহস্পতিবার নাগাদ আন্দামান সাগরে যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনার কথা আবহবিদরা শুনিয়েছিলেন, শেষ পর্যন্ত সেই নিম্নচাপ তৈরি হয়নি। ফলে এখনই নিম্নচাপের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানাল আবহাওয়া অফিস।
কবে আসছে নিম্নচাপ?
আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হলেও গরমের দাপট কমবে না বরং বাড়বে। বাড়বে অসহনীয় গরমও। আবহাওয়াবিদদের পূর্বাভাস, নিম্নচাপের আশা ছেড়ে দিতে হবে, ভরসা রাখতে হবে প্রাক বর্ষার (Wet season) বৃষ্টির ওপর। যদিও এখন সকলের একটাই প্রশ্ন, বাংলায় ফের কবে ঝেঁপে কালবৈশাখী, বৃষ্টি নামবে? এই নিয়ে এখনও অবধি তেমন আশার কথা শোনাতে পারেনি বিভিন্ন মৌসম ভবন।
আরও পড়ুনঃ মধ্যবিত্তদের সুখবর দিয়ে সোনা, রুপোর দাম কমল অনেকটা! আজকের রেট
আবহাওয়া বিশেষজ্ঞ রবীন্দ্র গোয়েঙ্কা বড় মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, ‘এই অসহনীয় অবস্থা থেকে মুক্তির একমাত্র উপায় কালবৈশাখী অথবা বেশ কয়েক ঘণ্টার টানা বৃষ্টি।’ হতে পারে ড্রাই লাইটনিং। এখন নিশ্চয়ই ভাবছেন এই ড্রাই লাইটনিং কী? এর মানে হল, আকাশে আপনি প্রায়শই দেখে থাকবে বিদ্যুৎ তো চমকাচ্ছে কিন্তু তাতে কোনও আওয়াজ হচ্ছে না। আবার তার প্রভাবে বৃষ্টিও হচ্ছে না। অর্থাৎ ভালো ঝড় বৃষ্টি, বর্ষার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে সকলকে।
আজ কেমন থাকবে আবহাওয়া?
আজকের আবহাওয়া সম্পর্কে বললে, আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। এছাড়া বাদবাকি জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টির দাপট।










