প্রীতি পোদ্দার, কলকাতা: তীব্র গরমের মাঝেই স্বস্তি এনে দিয়েছে তুমুল বৃষ্টি। উত্তর ভারত থেকে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা এবং একটি ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আর তার ফলেই বৃষ্টি ও ঝড়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গ (North Bengal) থেকে দক্ষিণবঙ্গে (South Bengal)। আগামীকালও দক্ষিণবঙ্গের (Weather Tomorrow) একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, থাকবে ঝড় বৃষ্টির দাপট।
সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের
গতকাল, দ্বিতীয় দফা নির্বাচনের দিন সকাল থেকেই বেশ মনোরম আবহাওয়া ছিল। দমকা ঝোড়ো হাওয়ার পাশাপাশি ঝিরিঝিরি বৃষ্টি ভোটের মেজাজ এক্কেবারে ঠাণ্ডা করে দিয়েছিল। আর সন্ধ্যে থেকেই সেই বৃষ্টির দাপট আরও বেড়ে গিয়েছিল। রাত পর্যন্ত চলা বৃষ্টিতে ভিজেছিল তিলোত্তমা-সহ একাধিক জেলা। সঙ্গে ছিল বজ্র বিদ্যুতের দাপট। আশঙ্কা করা হচ্ছে আগামী বেশ কয়েকদিন উত্তর এবং দক্ষিণবঙ্গে এমনই আবহাওয়ার মেজাজ থাকবে। অন্যদিকে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় আগামী শনিবার পর্যন্ত বাংলা ও উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার, সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকবে, মাঝে মধ্যে হয়ত রোদ উঠলেও উঠতে পারে। আর তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে বইবে ঝড়। বাকি জেলাগুলিতে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলবে। যার দরুন অনেকটাই কমবে তাপমাত্রা। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন: থাকতে হবে জেলেই, মোথাবাড়ি কাণ্ডে মোফাক্কেরুল সহ ৫২ জনের জামিনের আর্জি খারিজ
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের সমগ্র জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের শেষ আপডেট অনুযায়ী আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির দাপট জারি থাকবে।










