সহেলি মিত্র, কলকাতা: সকাল সকাল রোদ দেখে ভাবছেন আর বৃষ্টি হবে না? বর্ষা বিদায় নিয়েছে? সে গুড়ে বালি। আকাশ কালো করে নতুনভাবে খেলা দেখাবে ভারী বৃষ্টি। হ্যাঁ এমনই পূর্বাভাস (Weather Today) জারি করেছে আলিপুর আবহাওয়া। দুর্যোগের ভ্রূকুটি রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কিছু জেলায়। আপাতত বাংলার ওপর থেকে নিম্নচাপের কালো মেঘ সরলেও মৌসুমী অক্ষরেখার কারণে আজ শনিবার মাসের শুরুতেই ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। তবে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে বুলেটিন জারি করে জানানো হয়েছে, শনিবার অর্থাৎ মাসের শুরুতেই নতুন করে মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায়।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে বললে, সমুদ্রপৃষ্ঠের গড় স্তরে মৌসুমী অক্ষরেখাটি বর্তমানে জয়সলমের, উদয়পুর, ইন্দর, পশ্চিম বিদর্ভ ও সংলগ্ন দক্ষিণ মধ্যপ্রদেশের ওপর অবস্থানকারী নিম্নচাপের কেন্দ্র গোপালপুর হয়ে সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসের মতে, এদিন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।
আরও পড়ুনঃ ফের বন্ধ হল শতাব্দী প্রাচীন শ্রীরামপুর তিন নম্বর রুটের বাস, কারণ কী?
আগামীকালের আবহাওয়া
রবিবার অর্থাৎ ছুটির দিন থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির মাত্রা আরও বেশ খানিকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পঙ এবং কোচবিহার জেলায়। দক্ষিণবঙ্গে রবিবার বৃষ্টির খুব হালকা সম্ভাবনা থাকলেও ৪ আগস্ট থেকে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলায়।










