উত্তরে ফের দুর্যোগ, দক্ষিণের ৬ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে বিগত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি হয়েই চলেছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায়। তবে আপাতত তার প্রভাব কিছুটা কমেছে। কারণ যে নিম্নচাপের জেরে এই দুর্যোগ সেটি এখন সরে গিয়েছে ছত্তীসগঢ়ের দিকে। যদিও বিক্ষিপ্ত বৃষ্টির (Rain) বিরাম নেই। জানা গিয়েছে, আগামী বেশ কয়েকদিন (Weather Tomorrow) কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। অন্যদিকে উত্তরে (North Bengal) ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ছত্তীসগঢ়ের পশ্চিম প্রান্তে এখনও গভীর নিম্নচাপ রয়েছে। বর্ষাকালীন অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যপ্রদেশ হয়ে ওই নিম্নচাপের উপর দিয়ে গিয়েছে। শেষে ওড়িশা হয়ে তা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হবে। তাই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। তবে উত্তরবঙ্গে আগামী কয়েক দিনে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ শনিবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দু’-এক জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আর কোথাও ঝড়বৃষ্টির তেমন কোনও সতর্কতা নেই। তবে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দুই জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে।

আরও পড়ুন: মোহভঙ্গ? তৃণমূলে ফিরতে প্রস্তুত ৩ NCPI সাংসদ! প্রকাশ্যে এল নাম

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টি দুর্যোগ করলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যহত থাকবে। আগামীকাল, শনিবার,দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে প্রবল বর্ষণের সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মঙ্গলবার বৃষ্টি আরও বাড়বে। এমনকি মালদহ, দক্ষিণ দিনাজপুরেও ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।