সহেলি মিত্র, কলকাতাঃ শীতের মাঝে কাঁটা হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণিঝড় অর্ণব এবং গভীর নিম্নচাপ। আবহাওয়া দফতরের তরফে জারি করা স্পেশাল বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড়টির অবশিষ্টাংশ দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশার ওপর রয়েছে। সেইসঙ্গে নিম্নচাপ এলাকা দক্ষিণ আন্দামান সাগর এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। যার প্রভাবে আপাতত বাংলায় বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস। আজ শুক্রবারও কলকাতা একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ দুর্যোগের (Weather Today) সম্ভাবনা রয়েছে। দিনভর আকাশ মেঘলা থাকবে, সঙ্গে বৃষ্টি চলবে। ফলে বাড়ি থেকে বেরনোর সময়ে ছাতা সঙ্গে রাখতে মোটেও ভুলবেন না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন হালকা থেকে মাঝারি তো কখনও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। এদিন উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ভারী বর্ষণের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। উল্লেখিত জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুনঃ ঘূর্ণিঝড়ের প্রভাবে আচমকা বরফে ঢাকল সিকিমের নাথু লা, ছাঙ্গু লেক সহ বহু এলাকা
আগামীকালের আবহাওয়া
শনিবার অর্থাৎ সপ্তাহান্তে বাংলার আবহাওয়া কেমন থাকবে? আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের কথা বললে, মাসের শেষ দিন দুর্যোগের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়।










