সহেলি মিত্র, কলকাতাঃ অক্ষরে অক্ষরে যেন মিলে যেতে চলেছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update)। বেলা যত গড়াচ্ছে ততই খারাপ হচ্ছে বাংলার আবহাওয়া। ইতিমধ্যে আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে। ফুরফুরে হাওয়াও দিচ্ছে। তবে সেইসঙ্গে একটা গুমোট ও ভ্যাপসা গরমও রয়েছে বটে। বর্তমানে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে বাংলার কোথাও কোথাও আবারও নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। আবহাওয়া অফিস সূত্রে খবর, বিকেলের মধ্যে কলকাতা সহ জেলায় জেলায় নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শুরু হবে। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি দমকা হাওয়া।
বিকেলে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি
বর্তমানে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে বাংলার কোথাও কোথাও আজ রবিবার নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। এই নিম্নচাপটি বঙ্গোপসাগরে উৎপন্ন হয়ে ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে উপকূলবর্তী অঞ্চলগুলিতে স্থান বিশেষে ঘূর্ণায়মান মেঘের প্রভাবে সাময়িকভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। সকাল থেকেই বাংলায় মেঘ রোদের লুকোচুরি খেলা চলছিল। তবে বেলা হতেই আকাশের রঙ বদল হতে শুরু করেছে। সূত্রের খবর, আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উল্লেখিত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ বাঘিনীর মৃত্যুর ১১ দিন পর প্রয়াত শেষ রয়্যাল বেঙ্গলটিও, ঝাড়খালির ব্যাঘ্র কেন্দ্রে শোকের ছায়া
এছাড়া হাওড়া, কলকাতা, হুগলী, মুর্শিদাবাদ জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর সোমবার এবং মঙ্গলবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়ায় বৃষ্টি চলবে আপাতত।
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ধেয়ে আসছে ভারী বৃষ্টি। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বিকেলের মধ্যে ঝেঁপে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস সূত্রে খবর। বৃষ্টি চলতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও মালদা জেলাতেও। ফলে সকলকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।










