সহেলি মিত্র, কলকাতাঃ বজ্রবিদ্যুৎসহ তুমুল বৃষ্টিপাত (Weather Update) শুরু হয়েছে বাংলায়। দফায় দফায় মাঝারি, কখনও ভারী বৃষ্টিপাত হচ্ছে। অতি গভীর নিম্নচাপের প্রভাবে বুধবার থেকেই দুর্যোগ শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। আপাতত এই তাণ্ডব অব্যাহত থাকবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের সিস্টেমটি উত্তর অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম-এর কাছে স্থলভাগে প্রবেশ করে এখন দুর্বল হচ্ছে। কিন্তু এর প্রভাব এখনও পুরোপুরি শেষ হয়নি। আজ সকাল থেকেই ভারী বর্ষণ চলছে বাংলা সহ একাধিক জায়গায়। ল্যান্ডফল হলেও সিস্টেমের প্রভাব ব্যাপক পরিমাণে রয়েছে।
কলকাতায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি
জানা গিয়েছে, বিকেল থেকে রাতের মধ্যে বাংলায় আরও বৃষ্টিপাত হবে। আগামী কয়েক ঘণ্টায় পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, হলদিয়া ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অংশে দফায় দফায় মাঝারি কিংবা ভারী বৃষ্টির (Heavy Rainfall) তাণ্ডব চলবে বলে খবর। উল্লেখিত জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইছে। বাংলার পারদ এক লাফে যেন অনেকটাই কমে গিয়েছে।
আরও পড়ুনঃ ‘বাংলার ডেয়ারি’র মতো তৈরি হচ্ছে রাজ্যের নিজস্ব সর্ষের তেলের ব্র্যান্ড, জানালেন খাদ্যমন্ত্রী
এদিকে দিঘার সমুদ্র উত্তাল হয়ে রয়েছে। এরকম আবহাওয়ায় দিঘা রীতিমতো খাঁ খাঁ করছে। পুরী ও দিঘার সমুদ্রে সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে পর্যটক ও মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। IMD জানিয়েছে, উত্তর উপকূলীয় অন্ধ্র প্রদেশের উপর গভীর নিম্নচাপটি গত ৬ ঘণ্টায় ঘণ্টায় ৭ কিমি গতিতে উত্তরপশ্চিম দিকে সরেছে। এটি কলিঙ্গপত্তনম থেকে প্রায় ৭০ কিমি পশ্চিম-উত্তরপশ্চিম, রায়গড় (ওড়িশা) থেকে ৮০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্ব, কোরাপুট (ওড়িশা) থেকে ৯০ কিমি পূর্ব-দক্ষিণপূর্ব এবং জগদলপুর (ছত্তিশগড়) থেকে ১৭০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থিত। এটি আজ সন্ধের দিকে ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা খুব বেশি। এরপরও এটি সম্ভাব্যভাবে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে যাবে এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ধীরে ধীরে দুর্বল হতে থাকবে।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা
এদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাগুলিতে। ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়।










