প্রবল বজ্রপাত থেকে ঝড়, নিম্নচাপের জেরে ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতা: ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া অফিসের লেটেস্ট পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে পশ্চিমমধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সিস্টেমের সরাসরি আঘাত পশ্চিমবঙ্গে না এলেও, এর পরোক্ষ প্রভাবে রাজ্যে উল্লেখযোগ্য আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। নিম্নচাপের ফলে সমুদ্র থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করবে, যার ফলে আজ বুধবার থেকে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজও জেলায় জেলায় প্রতিকূল আবহাওয়ার (Weather Today) পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। এছাড়াও প্রবল বজ্রপাত এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা শহরের কথা বললে, আজ থেকে আগামী ৩ দিন সেখানে দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। পূর্বাভাস অনুযায়ী, ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পঙ জেলায়।

আরও পড়ুনঃ দার্জিলিংকে ভারতের ১ নম্বর হিল স্টেশন করার মেগা প্ল্যান, ৫ বছরের প্ল্যান ঘোষণা রাজ্যের

আগামীকালের আবহাওয়া

আগামীকাল, অর্থাৎ বৃহস্পতিবার, সমগ্র বাংলার আবহাওয়া সম্পর্কে পূর্বাভাস অনুযায়ী, এদিন ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, হাওড়া এবং বীরভূম জেলায়। উত্তরবঙ্গের কথা বললে, এদিন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়।