সহেলি মিত্র, কলকাতাঃ প্রবল দুর্যোগ চলবে বাংলাসহ বেশ কিছু রাজ্যে। দফায় দফায় ভারী বৃষ্টিতে নাকাল অবস্থা সাধারণ মানুষের। পরিস্থিতি কবে ঠিক হবে তা নিয়ে এখনও স্পষ্ট বার্তা দিতে পারছেন না আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া অফিসের লেটেস্ট আপডেট (Weather Today) অনুযায়ী, উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওড়িশার উপর অতি গভীর নিম্নচাপ অবস্থান করছে। এই সিস্টেমের ফলে আজ শুক্রবারও বাংলাজুড়ে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও তো আবার ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক আজ নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। এছাড়া, প্রবল বজ্রপাত সঙ্গে ঝড়ের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। পূর্বাভাস অনুযায়ী, এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি জেলায়। এছাড়া ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়।
আরও পড়ুনঃ বাংলার প্রতিটি স্কুলে চলবে বিশেষ নজরদারি, ১৪ দফার কড়া নির্দেশিকা রাজ্য সরকারের
নিম্নচাপটির সম্পর্কে বললে, এটি উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর পরবর্তী কয়েক ঘণ্টায় উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে আরও দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
আগামীকালের আবহাওয়া সম্পর্কে বললে, শনিবার ভারী বৃষ্টির দাপট অব্যাহত থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিন ভারী বর্ষণের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি জেলায়। তবে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে হলুদ সতর্কতা।










