মে মাসে ভাসতে পারে বাংলা! বাড়ছে বন্যার আশঙ্কা, বড় আপডেট আবহাওয়া দফতরের

Published:

Extreme Rain Alert In May

প্রীতি পোদ্দার, কলকাতা: এপ্রিলেই দেশের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল। গরমের মাত্রা খুব বেড়ে গিয়েছিল। কিন্তু মে মাস পড়তেই বৃষ্টি (Extreme Rain Alert In May) নিয়ে বড় আপডেট দিল মৌসম ভবন। এই সময়ে নাকি দেশে বর্ষার (Monsoon Arrival India Early) আগমন হবে। শুধু তাই নয় দাবি করা হচ্ছে দেশের বেশিরভাগ এলাকায় স্বাভাবিকের চেয়ে ১১০ শতাংশ পর্যন্ত বৃষ্টি হতে পারে। উল্লেখযোগ্য বিষয় হল পশ্চিমবঙ্গও রয়েছে সেই তালিকায়।

১১০ শতাংশ পর্যন্ত বৃষ্টি হবে মে মাসে

সম্প্রতি মৌসম ভবন জানিয়েছে, মে মাসে গড় বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হবে ৷ বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে ১১০ শতাংশ পর্যন্ত হতে পারে। এমনকি যেসব এলাকায় সাধারণত কম বৃষ্টিপাত হয়, সেখানেও ভারী বৃষ্টিপাত হবে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে প্রবল বাতাসও বইবে। কিছু কিছু এলাকায় বন্যারও আশঙ্কা রয়েছে। জানা গিয়েছে, আগামী ১৪ থেকে ১৬ তারিখের মধ্যে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে নাকি বর্ষা প্রবেশ করতে চলেছে।

বন্যার পূর্বাভাস

সাধারণত জুন মাসের প্রথম সপ্তাহে দেশে বর্ষা প্রবেশ করে ৷ গত বছর নির্ধারিত সময়ের চেয়ে আট দিন আগে ২৪ মে কেরলে বর্ষা প্রবেশ করেছিল৷ কিন্তু এবার তারও আগে বর্ষা প্রবেশের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সম্প্রতি মৌসম ভবন ১৯৭১ থেকে ২০২০ সাল পর্যন্ত তথ্য প্রকাশ করেছে। যেখানে, উত্তর ভারত এবং সমগ্র দেশে সাধারণত মে মাসে ৬৪.১ মিমি বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু এবার বৃষ্টিপাত প্রায় ৭০-৭১ মিমি বা তারও বেশি হতে পারে। যা পরিবেশবিদদের কাছে অনেকটাই অস্বাভাবিক। কারণ মে মাসে সাধারণত গরম বেশি থাকে এবং তাপপ্রবাহ বা লু বয় কিন্তু এই বছর গরমের চিত্রটি পাল্টে যেতে চলেছে। আশঙ্কা করা হচ্ছে বন্যা দুর্যোগের।

আরও পড়ুন: আরও ২ ঘণ্টা কমে উত্তরবঙ্গে, তিস্তা তোর্ষা এক্সপ্রেসের সময় কমাচ্ছে রেল

আবহবিদদের অনুমান উপ-হিমালয় অঞ্চলের পশ্চিমবঙ্গ এবং সিকিমে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে এই বছর। এছাড়াও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অংশেও একই ধরনের পরিস্থিতি থাকবে। তবে এই বৃষ্টিপাত সর্বত্র সমান হবে না। কিছু এলাকায় কম বৃষ্টিপাত হবে, আবার অন্য কিছু এলাকায় অতিরিক্ত বৃষ্টিপাত হবে। মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র একটি বিবৃতিতে জানিয়েছেন, “পুরো মে মাসে দেশের বিভিন্ন প্রান্তে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে ৷ যদিও মধ্য ভারত, উত্তর-পশ্চিম ভারত, উত্তর-পূর্ব ভারতের দক্ষিণাঞ্চলে ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিক ও স্বাভাবিকের থেকে কম থাকবে ৷”