সহেলি মিত্র, কলকাতাঃ বর্ষা বাংলায় প্রবেশ করতে না করতেই ভারী বৃষ্টির তান্ডব শুরু হল। মূলত উত্তরবঙ্গের কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে। যার ফলে আমূল বদলে গিয়েছে বাংলার আবহাওয়া (Weather Today)। তবে দক্ষিণবঙ্গের ভাগ্যের শিকে এখনও ছেঁড়েনি। দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের জন্য সম্ভবত আরও কিছুটা অপেক্ষা করতে হবে। জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ঢুকে যেতে পারে বলে খবর। তবে বিক্ষিপ্ত বৃষ্টি এবং কালবৈশাখীর দাপট থাকবে দক্ষিণবঙ্গে। আজ বুধবার জেলায় জেলায় রয়েছে দুর্যোগের ভ্রূকুটি। ফলে বাড়ি থেকে বেরনোর সময়ে ছাতা, রেইনকোট অবশ্যই সঙ্গে রাখবেন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিনে জানানো হয়েছে, বুধবার ঝড় বৃষ্টির আধিক্য সবথেকে বেশি থাকতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ২৪ পরগণা এবং হুগলী জেলায়। কালবৈশাখী ঝড়ের দাপট ঘণ্টায় ৬০ কিমি বেগে হতে পারে। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। যদিও গরম থাকতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়।
আলিপুর মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ৯ জুন উত্তরবঙ্গের সমগ্র কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার অধিকাংশ অংশে এবং দার্জিলিং জেলার কিছু অংশে অগ্রসর হয়েছে। জানা গিয়েছে, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অবশিষ্ট দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের আরও কিছু অংশে এবং পশ্চিমবঙ্গের আরও কিছু এলাকায় অগ্রসর হওয়ার জন্য অনুকূল পরিস্থিতি বিদ্যমান রয়েছে। বর্তমান পূর্বাভাস অনুযায়ী ১৫ থেকে ২০ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের সম্ভাবনা রয়েছে। আগামী ১২ জুনের পর থেকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হতে শুরু করবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, বর্ষার কারণে এদিন ভারী ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়।
আগামীকালের আবহাওয়া
বৃহস্পতিবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এছাড়া বাদবাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির দাপট চলবে। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন কালবৈশাখী সঙ্গেব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। জারি করা হয়েছে কমলা সতর্কতা। ঝড় বৃষ্টির আধিক্য বেশি থাকায় সকলকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।










