সহেলি মিত্র, কলকাতাঃ অপেক্ষার অবসান, অবশেষে বর্ষার (Wet season) আগমন ঘটল। আবহাওয়া অফিসের লেটেস্ট আপডেট অনুযায়ী, ভারতের কিছু অংশে গতকাল শনিবার বর্ষা পা রেখেছে। আর এরইসঙ্গে বাংলা সহ দেশের বাকি অংশে বর্ষার আগমন নিয়ে কাউন্টডাউন শুরু হয়ে গেল। আশা করা যাচ্ছে, এবার গরমের বিদায় হবে এবং বাংলাতেও ঝমঝমিয়ে ঝড় বৃষ্টি শুরু হবে। আজ রবিবার ছুটির দিন যেমন বাংলার বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি তো আবার কিছু জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস (Weather Today) জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির ভ্রূকুটি রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, কলকাতা, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, হুগলী, নদীয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে।
এদিকে ভারতীয় আবহাওয়া দফতর বা IMD-র তরফে জারি করা লেটেস্ট আপডেট অনুযায়ী, বর্ষা দেশের কিছু অংশে প্রবেশ করেছে। হাওয়া অফিসের মতে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আনুষ্ঠানিকভাবে ১৬ মে দক্ষিণ-পূর্ব আরব সাগরের কিছু অংশ, দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর, আন্দামানে সাগরের অনেক অংশ, সমগ্র নিকোবার দ্বীপপুঞ্জ এবং আন্দামান দ্বীপপুঞ্জের কিছু অংশ সহ শ্রী বিজয়া পু্রমে (পূর্বে পোর্ট ব্লেয়ার) প্রবেশ করেছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার হালহকিকত সম্পর্কে। আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন হালকা থেকে মাঝারি কিংবা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং জেলায়। যদিও আবার ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে দুর্যোগের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আগামীকালের আবহাওয়া
সোমবার অর্থাৎ সপ্তাহের শুরুতেও অব্যাহত থাকবে উত্তরবঙ্গের ভারী বৃষ্টির তাণ্ডব। আলিপুর মৌসম ভবন জানিয়েছে, এদিন ভাভ্রী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। বাকি জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগণা, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায়।










