প্রীতি পোদ্দার, কলকাতা: ভাদ্র মাস পরে গেলেও নিম্নচাপের রেশ কাটছে না কিছুতেই। দ্বিতীয় সপ্তাহের শুরুতেই ফের সক্রিয় হয়েছে নিম্নচাপ। তার সঙ্গে শক্তি বাড়াচ্ছে বর্ষাকালীন অক্ষরেখাও। যার ফলে দক্ষিণবঙ্গে (South Bengal) বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুধু দক্ষিণবঙ্গ নয় এর সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও (North Bengal)। ইতিমধ্যেই আগামীকাল (Weather Tomorrow), দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে সতর্কতা।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তরপ্রদেশের দক্ষিণ-পশ্চিমে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টায় সেটির পূর্ব-উত্তরপূর্ব দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি গুজরাটের দক্ষিণাংশ থেকে বাংলাদেশের উত্তর পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আর এই তিন ওয়েদার সিস্টেমের জেরে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট বাড়তে চলেছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে জেলায় জেলায়। মাঝে মধ্যে আকাশ পরিষ্কার থাকলেও পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিও হতে পারে। এছাড়াও মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন: আবাস যোজনায় ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, শান্তিপুরে ইঞ্জিনিয়ারকে ডিম থেরাপি
কলকাতার আবহাওয়া
ঘূর্ণাবর্ত এবং সক্রিয় নিম্নচাপের কারণে আগামীকাল মঙ্গলবার কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি হবে। কোথাও আবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে। তবে আপাতত সেখানে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। কিন্তু বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে মালদহে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। অন্যদিকে সপ্তাহান্তে ফের উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে।










