আবাস যোজনায় ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, শান্তিপুরে ইঞ্জিনিয়ারকে ডিম থেরাপি

Published:

Awas Yojana

প্রীতি পোদ্দার, কলকাতা: নেতা মন্ত্রী বিধায়ক নয়, এবার ডিম থেরাপির মুখে পড়লেন নদীয়ার শান্তিপুর (Santipur) পুরসভার এক অস্থায়ী ইঞ্জিনিয়ার। অভিযোগ আবাস যোজনার (Awas Yojana) ঘর পাইয়ে দেওয়ার নাম করে নাকি অসংখ্য উপোভোক্তার কাছে থেকে ঘুষ নিয়েছিলেন তিনি। কিন্তু এবার তাঁকে হাতে নাতে পাকড়াও করতেই ডিম ছুড়লো ক্ষুব্ধ জনতা।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, সোমবার, নদীয়ার শান্তিপুর, পুরসভায় চড়াও হয় ক্ষুব্ধ জনতা। সেখানে এক অস্থায়ী ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে ১৫ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। আজ নগদ ৮ হাজার টাকা নেওয়ার সময় স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে এবং ক্ষোভে ফেটে পড়ে তার ওপর একাধিক ডিম ছুড়তে থাকে। অভিযুক্তের নাম প্রণয় কুন্ডু। যদিও সে সমস্ত অভিযোগ অস্বীকার করে এবং বলেন যে সেই টাকা তার নিজস্ব। এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে শেষে পুলিশ গ্রেপ্তার করে ওই অস্থায়ী ইঞ্জিনিয়ারকে।

আবাস যোজনা নিয়ে কাটেনি বিতর্ক

এর আগে নদিয়া জেলার শান্তিপুর ব্লকের বেলগড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ফুলিয়া বয়রা এলাকায় আবাস যোজনা নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছিল। জানা গিয়েছিল অ্যাকাউন্টে এক টাকাও ঢোকেনি এবং বাড়িতে একটাও ইটও পড়েনি। অথচ পঞ্চায়েতে খোঁজ নিয়ে দেখা গিয়েছে, প্রাপকদের আবাস যোজনার বাড়ির টাকা দেওয়া সম্পূর্ণ হয়েছে। প্রাপকদের অভিযোগ, পঞ্চায়েতের জনপ্রতিনিধিরাই টাকা লুটপাট করে খেয়েছেন। ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল এলাকা জুড়ে। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শান্তিপুর পুরসভার এক অস্থায়ী ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে উঠে এল আবাস যোজনায় ঘুষ নেওয়ার অভিযোগ।

আরও পড়ুন: সরকারি বিজ্ঞাপনে মা দুর্গার ১১টি হাত, রাজ্য সরকারকে তুলোধোনা তৃণমূল, CPIM-র

প্রসঙ্গত, পূর্বতন সরকারের আমলে আবাস যোজনা সহ একাধিক সরকারি প্রকল্পে নানা অসঙ্গতির অভিযোগ উঠে এসেছিল। অনেক জায়গাতেই উপভোক্তার নাম থাকলেও মিল ছিল না কোন প্রকল্পের সুবিধা। কিন্তু এবার রাজ্যে নতুন সরকার এসেছে, এবং তোলাবাজি ও ঘুষ নেওয়ার বিরুদ্ধে রীতিমত জিরো টলারেন্স নীতি চালু করেছে। শুধু তাই নয় পুরসভার সহ পঞ্চায়েত এলাকায় নতুনভাবে আবাস যোজনার আবেদন জমা নেওয়ার কাজও চলছে ।