বিকেলে একাধিক জেলায় কালবৈশাখীর সাথে ঝেঁপে বৃষ্টি! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন বৈশাখের তীব্র গরমে নাজেহাল অবস্থায় ছিল রাজ্যবাসী। তবে রবিবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আবহাওয়ার খানিক পরিবর্তন হয়েছে। গরমের দাবদাহের মাঝে ঝড় বৃষ্টির (Rain) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (South Bengal) কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে। আজও সকাল থেকে মেঘলা আকাশ দেখা গিয়েছে। তার ফলে তাপমাত্রা আগের চেয়ে কিছুটা কমেছে। এমতাবস্থায় আগামীকালও (Weather Tomorrow) বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

সম্প্রতি উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটা ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। যার প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে। হাওয়া অফিস জানিয়েছে, আজ, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্র জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। তবে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে বিকেলের দিকে শিলাবৃষ্টি হতে পারে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, সকাল থেকে শহরের বেশ কয়েকটি জেলায় আকাশ মেঘলা থাকবে। কম বেশি দমকা হাওয়া বইবে। রোদের প্রখর তাপ আপাতত কম থাকবে। আসলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে যার ফলে আগামী কয়েক দিনে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামীকাল নদিয়া, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদে বৃষ্টির মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার সঙ্গে ৬০ কিমি বেগে ঝড় বইতে পারে, এমনকি শিলাবৃষ্টিও হতে পারে। শুক্রবার পর্যন্ত প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি চলবে।

আরও পড়ুন: বিকেলে একাধিক জেলায় কালবৈশাখীর সাথে ঝেঁপে বৃষ্টি! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা থাকার পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। জানা গিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে। তাপমাত্রা কমতে পারে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত।