সহেলি মিত্র, কলকাতা: বৃষ্টির জন্য ফের হা পিত্যেশ অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। একদিকে যখন উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে চলেছে তখন দক্ষিণবঙ্গ খটখটে শুকনো। মাঝে মধ্যে কুকুর বিড়াল তাড়ানোর মতো বৃষ্টি হলেও গরম যেন আরো বাড়িয়ে দিচ্ছে। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে চিন্তা নেই, এই সময় স্থানীয়ভাবে কিছু জায়গায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হতে পারে। এরপর আগামীকাল বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ এক ধাক্কায় বাড়তে পারে বলে পূর্বাভাস। আর সারাদিন সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে? চলুন জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
বর্তমানে বেশ কয়েকটি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা বিরাজ করছে। হাওয়া অফিসের মতে উত্তর-পূর্ব ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থানরত উর্ধ্ববায়ু ঘূর্ণাবর্তটি এখনো একই জায়গায় বজায় রয়েছে। এছাড়া মধ্যে ও পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গ উপকূল পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে যা উত্তর-পূর্ব রাজস্থানের উপর অবস্থিত ঘূর্ণাবর্ত, পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন ছত্রিশগড়ের ওপর অবস্থিত ঘূর্ণাবর্ত এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে অতিক্রম করছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন উত্তরের দার্জিলিং,কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মতোই এদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টি আবার গরম বজায় থাকবে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়।
আগামীকালের আবহাওয়া
বৃহস্পতিবার কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? আলিপুর হাওয়া অফিসে তরফের জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,পুরুলিয়া এবং দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায় ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে দুর্যোগের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি আবার কখনো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।










