সহেলি মিত্র, কলকাতাঃ অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। নতুন করে ডিগবাজি খেয়েছে বাংলার আবহাওয়া। বর্তমানে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে। যার ফলে আজ থেকে অর্থাৎ সপ্তাহের শুরুতেই ব্যাপক ঝড় বৃষ্টির (Weather Today) সম্ভাবনা রয়েছে বাংলাজুড়ে। বর্ষার বিদায়লগ্নে এসে এভাবে দাপট দেখাবে কেউ হয়তো ভাবতেও পারেনি। আবহাওয়া অফিস সূত্রে খবর, ওড়িশায় অবস্থানরত অতি গভীর নিম্নচাপের প্রভাবে আজ থেকে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আবহাওয়ার বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার বেগে ঝড় অবধি বয়ে যেতে পারে। তবে এদিন বৃষ্টির বেগ থাকতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা জেলায়। আজ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) সম্পর্কে। এদিন হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। বাকি জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুনঃ রান্নায় বেশি নুন পড়ে গেছে? চিন্তা নেই, জেনে নিন খাবারের নোনতা ভাব কমানোর কিছু সহজ উপায়
আগামীকালের আবহাওয়া
মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এদিন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এদিকে প্রবল বজ্রপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায়। আগামী ২৬ সেপ্টেম্বর অবধি দক্ষিণবঙ্গে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে বললে এদিনও মাঝারি পরিমাণে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায়।










