রেডি রাখুন ছাতা, কিছুক্ষণেই ঝড় বৃষ্টির তাণ্ডব দক্ষিণবঙ্গ সহ কলকাতায়, আবহাওয়ার আপডেট

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ অক্ষরে অক্ষরে মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update)। দুপুর হতে না হতেই আমূল বদলে গেল কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া। গরম কমে এখন শুরু হয়েছে ঝোড়ো হাওয়ার দাপট, সঙ্গে তো রয়েইছেই মেঘের গর্জন। ইতিমধ্যে কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যেই তুমুল দুর্যোগ শুরু হতে চলেছে বাংলায়। হ্যাঁ এমনই পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। ফলে বাড়ির বাইরে থাকলে আর ছাতা সঙ্গে না থাকলে এখনই কিনে নিন। নইলে ভিজতে হবে।

দুপুরেই ঝড় বৃষ্টি শুরু বাংলায়

পূর্বাভাস অনুযায়ী, আর কিছুক্ষণের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলী, নদীয়া, বর্ধমান, দক্ষিণ ২৪ পরগণা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি তো আবার কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, এলাকায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি হয়েছে, যার শব্দ অনেক দূর পর্যন্ত শোনা যেতে পারে। বিকেল থেকে সন্ধের মধ্যে আরও বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলায় বলে খবর।

IMD-র তথ্য অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ১১ জুন, ২০২৬ তারিখে উত্তর ভারতের অনেক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঘণ্টায় ৫০-৮০ কিমি বেগে প্রবল ঝড় এবং শিলাবৃষ্টি হতে পারে। এদিকে, আগামী ৫-৭ দিন উত্তর-পূর্ব ভারত, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, কেরালা, কর্ণাটক এবং তামিলনাড়ুতে আবহাওয়া খারাপ থাকতে পারে। অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেমি) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জনগণকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও একটানা দুর্যোগের কারণে পারদ পতনের পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

দক্ষিণবঙ্গের পাশাপাশি দুপুর বাঁ বিকেলের মধ্যে দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। বইবে ঝড় সঙ্গে থাকবে বৃষ্টি ও বজ্রপাত।

আরও পড়ুন: ইতিহাস গড়ল ভারত, প্রথম স্বদেশি Airbus C295 সফলভাবে উড়ল আকাশে 

আগামীকালের আবহাওয়া

এখন নিশ্চয়ই ভাবছেন আগামীকাল অর্থাৎ শুক্রবার সমগ্র বাংলার আবহাওয়া (Weather Tomorrow) কেমন থাকবে? এদিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। উত্তরবঙ্গের কথা বললে, এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়।