ছুটির দিনে দক্ষিণবঙ্গের ৫ জেলায় মুষলধারে বৃষ্টি, কালবৈশাখী, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ একটানা ঝড় বৃষ্টির কারণে বাংলার আবহাওয়া (Weather Today) মনোরম হয়ে উঠেছে। লু, তাপপ্রবাহ থেকে মিলেছে মুক্তি। কয়েক দিনের অসহ্য গরমের পর কালবৈশাখী, বৃষ্টি বাংলায় বহু প্রতীক্ষিত বৃষ্টি সকলের মধ্যে স্বস্তি বয়ে নিয়ে এসেছে। আজ আবার রবিবার ছুটির দিনেও কলকাতা সহ জেলায় জেলায় মুষলধারে বৃষ্টি সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। দফায় দফায় ঝড়ে লণ্ডভণ্ড হতে পারে চারিদিক। আসলে অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের আগমনের কারণে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, রবিবার থেকে নতুন করে বাংলায় ঝড় বৃষ্টির দাপট বাড়বে বলে খবর। এদিন বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগণা এবং হুগলী জেলায়। জারি করা হয়েছে কমলা সতর্কতা।

পূর্ব বিহার ও সংলগ্ন এলাকার উপর অবস্থানকারী উপরের বায়ুমণ্ডলের ঘূর্ণাবর্তটি বর্তমানে উপ হিমালয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার ওপর অবস্থান করছে এবং এটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ থেকে ৫.৮ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। পূর্ব রাজস্থানের উপর অবস্থানকারী উপরের বায়ুমণ্ডলের ঘূর্ণাবর্ত থেকে পূর্ব ঝাড়খণ্ড অবধি অক্ষরেখাটি মধ্যপ্রদেশ ও ছত্তিশগরের উপর দিয়ে গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় অবস্থান করছে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কার্যকলাপ অব্যাহত থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক আজ সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, এদিনও উত্তরবঙ্গের প্রতিটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে দাপট থাকবে ঝড়েরও। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

সোমবারেও কিন্তু বাংলাজুড়ে দুর্যোগের ভ্রূকুটি থাকবে। এদিন দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সপ্তাহের প্রথম দিন উত্তরবঙ্গের প্রতিটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।