দুপুরেই আধার! কিছুক্ষণেই দক্ষিণবঙ্গের ৪ জেলায় বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি, আবহাওয়ার খবর

Published:

Weather Update

সহেলি মিত্র, কলকাতাঃ ভরা দুপুরে যেন সন্ধে নেমে এল। ব্যাপক বজ্রবিদ্যুৎ শুরু হয়েছে বাংলাজুড়ে (Weather Update)। কালো মেঘে ঢেকে গিয়েছে আকাশ। যে কোনও মুহূর্তে প্রবল বৃষ্টিপাত শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনিতেই এখনও অবধি বহু জায়গায় জল নামেনি। ব্যহত হয়েছে জনজীবন। এহেন পরিস্থিতিতে নতুন করে দুর্যোগ শুরু হলে আর দেখতে হবে না। ইতিমধ্যে আজ শনিবার বাংলার জেলায় জেলায় চরম সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। এরকম খারাপ আবহাওয়ায় কি আপনিও বাড়ির বাইরে আছেন? তাহলে সাবধান হয়ে যান।

আকাশ কালো করে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

আকাশের যা মতিগতি তাতে করে যে কোনও মুহূর্তে বাংলায় আকাশ কাঁপানো বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পূর্বাভাস মতো সার্বিকভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়েছে। যার জেরে কোথাও কোথাও বৃষ্টি ইতিমধ্যে হচ্ছে । তবে কিছুক্ষণের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলী ও উত্তর চব্বিশ পরগণা জেলায় আরও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে আবহাওয়া অফিস সূত্রে খবর।

আরও পড়ুনঃ ইতিহাস সৃষ্টি করল ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডার, বেড়ে দাঁড়াল ৭৪০.৮০ বিলিয়ন ডলার

আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী সময়ে নদীয়া সহ বাংলাদেশ লাগোয়া স্থানে তুলনামূলক বেশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভব। আজ কলকাতায় প্রায় ২৭–৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আবহাওয়া থাকার সম্ভাবনা। সমুদ্রপৃষ্ঠে অবস্থানরত মৌসুমি অক্ষরেখা বর্তমানে শ্রী গঙ্গানগর, নারনৌল, মধ্য ও উত্তর মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের উপর অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্রের কেন্দ্র, ডালটনগঞ্জ, বহরমপুরের মধ্য দিয়ে অতিক্রম করে পূর্বদিকে ত্রিপুরার দিকে বিস্তৃত হয়েছে। মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রয়েছে। তার সঙ্গে ঘূর্ণাবর্তটি রয়েছে সমুদ্রতল থেকে ৭.৬ কিলোমিটার উঁচুতে। সেইসঙ্গে বাংলাদেশ এবং আশপাশের অঞ্চলের উপর আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা সমুদ্রতল থেকে ১.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

বর্ষাকালীন আবহাওয়ার কারণে আজ শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে শুরু হবে আবহাওয়ার আরও বড় খেলা। সঙ্গে বজ্রপাত ও ৩০–৪০ কিমি/ঘণ্টা পর্যন্ত দমকা হাওয়া হতে পারে। পাহাড়ি এলাকায় ধস ও নদীর জলস্তর বৃদ্ধির পরিস্থিতিতে সতর্ক থাকুন।