সহেলি মিত্র, কলকাতাঃ একদিকে যখন বাঁধভাঙা গরমে পুড়ছে সমগ্র বাংলা, ঠিক তখনই স্বস্তি দিতে হাজির হতে চলেছে তুমুল ঝড় বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া একের পর এক সিস্টেমের কারণে শুক্রবার দুপুর বা বিকেলের মধ্যে জেলায় জেলায় দুর্যোগ (Rainfall Alert) শুরু হতে চলেছে বলে খবর। ইতিমধ্যে কলকাতা, হাওড়া, নদীয়া, বর্ধমান সহ বাংলার আকাশ কালো হয়ে গিয়েছে, সেইসঙ্গে আকাশে মেঘেদের গর্জনও শোনা যাচ্ছে। বঙ্গোপসাগরে সক্রিয় হওয়া একটি আবহাওয়া ব্যবস্থা বাংলা সহ দেশের বেশিরভাগ অংশের আবহাওয়ায় পরিবর্তন এনেছে। এর জেরেই ইতিমধ্যে বদলে গিয়েছে আবহাওয়া (West Bengal Weather)। ফলে আপনিও যদি বাড়ি থেকে বেরনোর প্ল্যান করে থাকেন তাহলে ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না কিন্তু।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা
হাওয়া অফিসের লেটেস্ট পূর্বাভাস অনুযায়ী, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে কালবৈশাখী, তো বিকেলের পর কলকাতা-সহ বাকি শহরতলিতেও ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে সক্রিয় হওয়া একটি আবহাওয়া ব্যবস্থা দেশের বেশিরভাগ অংশের আবহাওয়ায় পরিবর্তন এনেছে। দিল্লি থেকে বাংলা, উত্তর প্রদেশ, বিহার, রাজস্থান এবং পাঞ্জাব পর্যন্ত প্রবল ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। অনেক রাজ্যে ঘণ্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। সুতরাং, এটি শুধু সাধারণ বৃষ্টি নয়, বরং প্রাক-বর্ষার একটি উল্লেখযোগ্য প্রভাব।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
এবার জেনে নেওয়া যাক আজ দুপুর বা বিকেলের মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলায় দুর্যোগের ভ্রূকুটি রয়েছে কিনা সে সম্পর্কে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এদিন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।
বিরাট পূর্বাভাস IMD-র
আইএমডি-র মতে, বঙ্গোপসাগর, আরব সাগর এবং উত্তর ভারতের উপর সৃষ্ট একাধিক ঘূর্ণাবর্ত সারাদেশের আবহাওয়াকে অস্থিতিশীল করে তুলেছে। উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ থেকে দক্ষিণ ওড়িশা পর্যন্ত একটি দীর্ঘ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তামিলনাড়ু উপকূল, আসাম এবং মধ্য উত্তর প্রদেশের উপরেও একটি ঘূর্ণাবর্ত বিদ্যমান। একারণেই, যেখানে রাজস্থান ও মধ্য ভারতে তীব্র তাপপ্রবাহ চলছে, সেখানে পূর্ব ও দক্ষিণ ভারতে ভারী বৃষ্টিপাত তীব্রতর হচ্ছে।
আবহাওয়া বিভাগ ১৫টিরও বেশি রাজ্যের জন্য হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে। কিছু এলাকায় বড় আকারের শিলাবৃষ্টি ও বজ্রপাতের জন্যও সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী তিন দিন আবহাওয়া দ্রুত পরিবর্তন হতে থাকবে বলে আশঙ্কা।










