সহেলি মিত্র, কলকাতা: কয়েকদিনের স্বস্তির পর ফের গরম চোখ রাঙাচ্ছে বাংলায়। দু’দিনের গরমেই রীতিমতো নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর (South Bengal)। দক্ষিণবঙ্গ তো পুড়ছেই, সেইসঙ্গে এখন গরম, আদ্রতায় ভরপুর আবহাওয়া বিরাজ করতে শুরু করেছে উত্তরবঙ্গেও। কোথাও স্বস্তি নেই। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে আগামী দুইদিন এরকম গরমের প্রভাব থাকবে বাংলায়। যদিও বৃহস্পতিবার থেকে ফের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে তুমুল প্রাক বর্ষার বৃষ্টি, সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। তবে আজও যে বাংলায় বৃষ্টিমুক্ত থাকবে তা নয়। বিকেলের দিকে বাংলার আবহাওয়া বদলের (Weather Update) জোরালো সম্ভাবনা তৈরী হয়েছে।
কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলায়
হাওয়া অফিস সূত্রে খবর, আজও দক্ষিণবঙ্গের বিস্তৃর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির মাত্রা আরও বাড়বে বলে খবর। আগামী কয়েক দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে কয়েকটি জেলার তাপমাত্রা। যদিও বিকেলের দিকে বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।
জানা গিয়েছে, সপ্তাহ শেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়তে পারে ঝড় বৃষ্টির পরিমাণ। এদিকে আজ মঙ্গলবার সকাল থেকেই কলকাতা শহরে গরমের মাত্রা বেশ খানিকটা বেশি রয়েছে। হাওয়া অফিসের লেটেস্ট আপডেট অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.০ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস কম।
আরও পড়ুনঃ এক ব্লকের ১৭৩ পুরুষের অ্যাকাউন্টে ঢুকছিল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, বড় কেচ্ছা নদীয়ায়
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
এবার জেনে নেওয়া যাক বিকেলের দিকে সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই সম্পর্কে। হাওয়া অফিসে তরফে জানানো হয়েছে আজ বিকেল কিংবা সন্ধ্যে-রাতের মধ্যেই উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে। জেলায় জেলায় চলতে পারে ভারী বৃষ্টি। আজ থেকে আগামী কয়েকদিনের মধ্যে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।










