তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা! আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ লক্ষ্মীপুজোর মাঝেই বদলে গেল বাংলার আবহাওয়া। বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপ আজ রবিবার গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আজ কোজাগরি লক্ষ্মীপুজো। সকাল থেকে শীত শীত ভাব থাকলেও আকাশ মেঘলা। তবে কি বৃষ্টির (Weather Today) সম্ভাবনা রয়েছে পুজোর দিন? চলুন জেনে নিই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতা সহ বাংলার সমগ্র জেলার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্কই থাকবে। যদিও ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৭ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া এবং হুগলী জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত নিম্নচাপ অঞ্চলটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলের পরিণত হয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে একটি ঘূর্ণাবর্তও। এটি একই অঞ্চলে আজ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি আগামীকাল ২৬ অক্টোবরের মধ্য পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সময়ে এটি আরও শক্তিশালী হবে এবং ২৮ অক্টোবর সকাল নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলের নিকটবর্তী পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে। এরকম আবহাওয়ার প্রভাবে ২৭ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গ উপকূল বরাবর এবং উপকূলের বাইরে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ২৮ থেকে ৩০ অক্টোবরের মধ্যে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) সম্পর্কে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। যদিও আবহাওয়ার পরিস্থিতির ওপর নজর রাখছেন আবহাওয়া বিজ্ঞানীরা।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ সোমবারও দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। তবে আবহাওয়ার আসল খেলা শুরু হবে ২৮ অক্টোবর থেকে। এদিন দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে ২৯ অক্টোবর থেকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

google button