সহেলি মিত্র, কলকাতাঃ অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস (Weather Today)। নতুন করে পাল্টি খেয়েছে বাংলার আবহাওয়া। রেকর্ড মাত্রায় তাপমাত্রা পতন তো হয়েইছেই, সেইসঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া অফিস। সেইসঙ্গে কালবৈশাখী তো রয়েছেই। আসল দুর্যোগ এবার শুরু হবে কলকাতা শহরেও। দীর্ঘ টানা সময় ধরে একটু ঝড় বৃষ্টির জন্য বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষজন হাহুতাশ করছিলেন। তবে আর নয়, এবার তাপপ্রবাহ, লু অতীত, আজ মঙ্গলবার থেকে টানা দুর্যোগ আরও বেশি করে চলবে বাংলায় বলে খবর। শিলাবৃষ্টি, কালবৈশাখী, ভারী বৃষ্টি সব একসঙ্গে হবে বলে পূর্বাভাস। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ মঙ্গলবার সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী এবং প্রবল বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব বর্ধমান, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এছাড়া বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত এবং ঝড়ের দাপট চলবে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: বিশ্বের ১০০ গরম শহরের মধ্যে ৯৫টি ভারতেই, তালিকায় বাংলার কটি জানুন
আগামীকালের আবহাওয়া
আসল দুর্যোগ শুরু হবে আগামীকাল অর্থাৎ বুধবার থেকে। এদিন কলকাতা সহ হাওড়া,পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার কালবৈশাখী এবং তুমুল বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিন আবার দক্ষিণবঙ্গের জেলা পূর্ব বর্ধমানের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর। দুর্যোগ চলবে বৃহস্পতিবারও। উত্তরবঙ্গের কথা বললে এদিনও ভারী বৃষ্টির (৭-১১ সেমি) দাপট চলবে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়।










