সহেলি মিত্র, কলকাতাঃ একটানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি ফিরেছে বাংলায়। শক্তিশালী বজ্রগর্ভ মেঘ, সঙ্গে প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ। আপাতত এরকম দুর্যোগ বাংলায় চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Today)। দফায় দফায় কোথাও কম তো কোথাও বেশি ঝড় বৃষ্টির দাপট থাকবে। এদিকে আজ সোমবার সকাল থেকে মেঘ রোদের লুকোচুরি খেলা চলছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ এবং অনুকূল বায়ুপ্রবাহের কারণে আগামী ৭ দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ১০ জুন পর্যন্ত এরকম আবহাওয়া বিরাজ করবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড় এবং বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায়।
আবহাওয়া অফিস জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠে অবস্থিত মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা যা সুরাটগড়, রোহতক, রেওয়া, রাঁচি ও ক্যানিং হয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত ছিল তা বর্তমানে দুর্বল হয়ে কম স্পষ্ট হয়েছে। এছাড়া পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি থেকে ৩.১ কিমি উচ্চতার মধ্যে একটি উর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
কেমন থাকবে সোমবার সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া? এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। বৃষ্টির সঙ্গে ঝড়ের গতিও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বৈকি।
আগামীকালের আবহাওয়া
মঙ্গলবারের আবহাওয়ার কথা বললে, এদিন দক্ষিণবঙ্গের বীরভূম, হাওড়া, কলকাতা,মুর্শিদাবাদ,নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি তো কখনও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কথা বললে, এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বাকি জেলাগুলিতেও দুর্যোগ চলবে।










