দক্ষিণবঙ্গে ৪০ ডিগ্রির পথে পারদ! উত্তরে ভারী বৃষ্টি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: চৈত্রের শেষ থেকে ক্রমেই বেড়ে চলেছে গ্রীষ্মের তাপ। চড়া রোদ এবং ভ্যাপসা গরমে রীতিমত হাঁসফাঁস দশা সর্বত্র। এমনিতেই ভোটের আবহে রাজ্যের পরিস্থিতি গরম তার উপর এই উষ্ণ আবহাওয়া খুবই অস্বস্তিকর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন (Weather Tomorrow) দক্ষিণবঙ্গের (South Bengal) বিস্তীর্ণ অংশে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গে (North Bengal)।

উত্তর বিহার থেকে দক্ষিণ ছত্তীসগঢ় পর্যন্ত ঝাড়খণ্ডের উপর দিয়ে একটি অক্ষরেখা বিস্তৃত। এছাড়া, উত্তর উপকূলীয় ওড়িশা এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্তও রয়েছে। পাশাপাশি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে মাঝেমধ্যে শুকনো হাওয়া বইবার কারণে আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায়। বাড়বে তাপমাত্রা। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। তবে বেলা বাড়তেই রোদের জ্বালাপোড়া তেজে বাড়বে তাপমাত্রা। আর তাতেই শুরু হবে অস্বস্তি। উপকূলীয় জেলাগুলোতে ঘর্মাক্ত পরিবেশের পাশাপাশি বেশ কিছু জায়গায় লু-এর মতো গরম হাওয়া বইবার পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপমাত্রা বেশ বাড়বে। আশঙ্কা করা হচ্ছে তাপমাত্রার ৪০ এর কাছাকাছি পৌঁছতে পারে। তবে এখনই কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলে জন্য হয়েছে।

আরও পড়ুন: যাচ্ছে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল, জ্বালানি পাঠিয়ে বাংলাদেশকে বাঁচাচ্ছে ভারত

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

হাওয়া অফিস জানিয়েছে উত্তর প্রদেশ থেকে মণিপুর পর্যন্ত তৈরি হয়েছে ট্রাফ বা আপার এয়ার সার্কুলেশন। এই সার্কুলেশন উত্তরবঙ্গ হয়ে বাংলাদেশের ওপর দিয়ে গিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। তাই এর প্রভাবে আগামীকাল, রবিবার উত্তরের দুই জেলা দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। তার সঙ্গে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে সন্ধ্যার পর দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।