নিম্নমুখী তাপমাত্রা নাকি চড়া রোদ! বিদায় বেলায় কোন রূপ নেবে শীত? আগামীকালের আবহাওয়া

Published:

প্রীতি পোদ্দার, কলকাতা: শুষ্ক এবং হালকা শীতের মধ্যেই বেশ জমজমাট ভাবেই কাটল বসন্ত পঞ্চমী তিথি। যদিও হাওয়া অফিস আগেই জানিয়েছিল যে সরস্বতী পুজোর দিন একদমই শীতের দাপট থাকবে না। তবে পূর্বাভাস খুব শিগগিরই আবহাওয়ায় বদল আসতে চলেছে। আজ সকালেও দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায় কুয়াশা আর শীতের অনুভূতি ছিল। তবে এই পরিস্থিতি আর বেশি দিন স্থায়ী হবে না বলেই ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিসের।

দক্ষিণবঙ্গে শীতের আচমকা বিদায়ের জন্য আবহাওয়াবিদদের একাংশ একমাত্র দায়ী করছে পশ্চিমী ঝঞ্ঝাকে। শেষ আপডেট অনুযায়ী জানা যাচ্ছে পাকিস্তান ও জম্মু-কাশ্মীর অঞ্চলে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ধীরে ধীরে পূর্ব দিকে সরে আসছে। পাশাপাশি ২৬ জানুয়ারি, সোমবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হতে পারে, যার জেরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত মিললেও, জানুয়ারি মাসের বাকি দিনগুলিতে শীত পুরোপুরি বিদায় নেবে না। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা শীতল এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। অর্থাৎ ভোরের দিকে শীতের আমেজ বজায় থাকবে। কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পারদ চড়তে পারে। সেক্ষেত্রে দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী সাত দিনে রাজ্যের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তনের বিশেষ কোনো সম্ভাবনা নেই। শীতের আমেজের পাশাপাশি কুয়াশার দাপটও দেখা যাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। জানা যাচ্ছে, আগামী দুইদিন দক্ষিণবঙ্গের দু’একটি জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে থাকবে না ঘন কুয়াশার সতর্কতা।

আরও পড়ুন: নারায়ণগড়ের TMC বিধায়ক সূর্যকান্ত অট্টকে দেখে চোর স্লোগান তৃণমূলেরই, পালালেন MLA

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের শীতের বিদায় ঘন্টা বাজলেও উত্তরবঙ্গে এখনও অস্তিত্ব বজায় রেখেছে শীত। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত আগামী ৫-৬ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। অন্যদিকে দার্জিলিঙেও বজায় থাকবে হাড়কাঁপানো শীত। তাপমাত্রা ৫-৬ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানানো হয়েছে। এছাড়াও কুয়াশার দাপটও বেশ বজায় থাকবে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় আগামীকাল অর্থাৎ রবিবার সকালে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।