সৌভিক মুখার্জী, কলকাতা: ইউপিএ সরকারের আমলে চালু হওয়া সেই ১০০ দিনের কাজ (100 Days Work) আবারও চালু হতে চলেছে বাংলায়। এতদিন কেন্দ্র তহবিল আটকে রেখে দিয়েছে এই অজুহাত দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলা জুড়ে বন্ধ রেখেছিল এই প্রকল্প। তবে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) স্পষ্ট জানিয়েছেন যে, আগামী জুলাই মাস থেকেই ফের ১০০ দিনের কাজ শুরু হবে, এবং এবার মেয়াদ বাড়িয়ে ১২৫ দিন করা হবে।
রাজ্যে ফের চালু হচ্ছে ১০০ দিনের কাজ
আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, জুনের প্রথম সপ্তাহ থেকেই ‘জি রাম জি’ নামে এই প্রকল্প চালু হবে। আগে এটি এমজিএনআরইজিএ বা মনরেগা নামে চালু ছিল। তবে নাম পরিবর্তন করে তা করা হয় ‘জি রাম জি’। মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, নতুন প্রকল্পে যারা কাজ করবেন তাদের অবশ্যই পরিচয়পত্র হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড দেখাতে হবে। নাহলে প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।
পাশাপাশি মুখ্যমন্ত্রী এও বলেছেন যে, বিগত দিনগুলিতে যে সমস্ত এলাকায় ১০০ দিনের কাজ নিয়ে ব্যাপক দুর্নীতি লক্ষ্য করা গিয়েছিল এবং জালিয়াতি হয়েছিল, সেই সমস্ত জায়গাগুলিকে আবারও পুনরায় তল্লাশি করা হবে এবং অনিয়ম ও দুর্নীতির খতিয়ান তদন্ত করা হবে। পাশাপাশি তিনি কাজের মেয়াদও বাড়ানোর কথা বলেছেন। আগে ১০০ দিন করে মেয়াদ থাকত এই প্রকল্পের। তবে এবার তা বাড়িয়ে করা হয়েছে ১২৫ দিন। ফলে গরিব মধ্যবিত্তরা যে উপকৃত হবে তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: মনোজ আগারওয়ালের জায়গায় রাজ্যের নতুন CEO হলেন নীলম মীনা
না বললেই নয়, ১০০ দিনের কাজ প্রকল্পকে কেন্দ্র করে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রের মোদী সরকারের মধ্যে দীর্ঘদিন টানাপোড়েন চলেছে। রাজ্যের বিরুদ্ধে কেন্দ্র অভিযোগ তোলে যে, এই প্রকল্পে ব্যাপক আর্থিক দুর্নীতি এবং ভুয়ো জব কার্ড ব্যবহার করা হতো। তবে রাজ্য পাল্টা অভিযোগ দেখায় যে, কেন্দ্র প্রকল্পের টাকা আটকে রেখেছে। তার জন্য এই প্রকল্প চালানো যাচ্ছে না। যে কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকে জনদরদী এই প্রকল্প। যদিও পরবর্তী সময়ে কর্মশ্রী প্রকল্প চালু করা হয়েছিল মমতার সরকারের তরফ থেকে। যেখানে জব কার্ড হোল্ডারদেরকে ৫০ থেকে ৭০ দিন কাজ দেওয়া হতো। কিন্তু নতুন সরকার গঠন হতেই সেই পুরনো ১০০ দিনের কাজ আবারও নতুন রূপে ফিরছে।










