বাংলা পাচ্ছে ১০,০০০ কোটি টাকার রেল প্রকল্প, নবান্নে বৈঠক করবেন অশ্বিনী বৈষ্ণব

Published:

Railway Project In Bengal

সহেলি মিত্র, কলকাতা: প্রতীক্ষার অবসান। অবশেষে বাংলায় থমকে থাকা কয়েক হাজার কোটি টাকার রেল প্রকল্পের কাজ (Railway Project In Bengal) এবার গতি পেতে চলেছে। খোদ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাঁড়িয়ে থেকে সকল কাজের তদারকি করবেন বলে জানা গিয়েছে। এক রিপোর্ট অনুযায়ী তৃণমূল আমল থেকেই বাংলা জুড়ে দীর্ঘ প্রায় ১৫০ টিরও বেশি রেল প্রকল্পের কাজ থমকে ছিল। তবে এবার সব কাজে আসবে গতি। বাংলার রেল ব্যবস্থায় আগামী দিনে যে এক বিপ্লব আসতে চলেছে সেটা বলাই বাহুল্য।

বাংলা পাচ্ছে ১০,০০০ কোটি টাকার রেল প্রকল্প

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ জুন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পশ্চিমবঙ্গের প্রাক্তন তৃণমূল সরকারের আমলে হিমঘরে থাকা একাধিক রেল প্রকল্পের কাজ নিয়ে এবার আসরে নামতে চলেছে ডাবল ইঞ্জিন সরকার। এদিন দফায় দফায় বৈঠক হওয়ার কথা রয়েছে নবান্নে। ১০ হাজার কোটির রেল প্রকল্পের ছাড় মিলতে চলেছে বাংলায় বলে খবর।

এদিনের বৈঠকে পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল, নর্থ ফ্রন্টিয়ার রেল এবং কলকাতা মেট্রোরেলের জেনারেল ম্যানেজার শহর শীর্ষ আধিকারিকরা হাজির থাকতে পারেন বলে খবর। শনিবার আয়োজিত হতে চলা হাইভোল্টেজ বৈঠকে যাত্রীবাহী ট্রেনকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি পণ্য পরিবহণকেও অগ্রাধিকারের তালিকায় রাখা হচ্ছে। ডানকুনি-সুরাত ফ্রেইট করিডর নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে খবর। সেইসঙ্গে আরও নানা প্রকল্প নিয়ে একটি নকশা তৈরি হওয়ার জোরালো সম্ভাবনাও তৈরি হয়েছে।

নবান্নে আসছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী

এই বিষয়ে বড় তথ্য দিয়েছেন এক কর্মকর্তা। তিনি জানিয়েছেন, ‘মূলত জমি জটে আটকে রয়েছে একশোর বেশি রেল প্রকল্প। তাছাড়া, বহু ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকারের অর্থ বরাদ্দ বন্ধ ছিল। স্থানীয় প্রশাসনের তরফেও রেলের সঙ্গে চূড়ান্ত অসহযোগিতা করা হয়েছে। এসব কারণে সারা দেশে রেলের উন্নয়নের সঙ্গে তাল মেলাতে পারেনি বাংলা। রেল ওভারব্রিজ, সেতু, আন্ডারপাস, স্টেশনের পরিকাঠামো সংস্কারের কাজ পুরোপুরি থমকে গিয়েছিল।’ এদিকে এই বিষয়ে নবান্নে নানা আবেদন গেলেও তা দেখা হত না বলে অভিযোগ।

আরও পড়ুনঃ আচমকাই রেশনে বন্ধ হল ডাল, চিনি, নুন বিতরণ! ফের কবে মিলবে? জানাল সরকার

ওই আমলা জানান, ‘‘প্রাক্তন রেলমন্ত্রী সুরেশ প্রভু ১৩ বছর আগে নবান্নে গিয়ে মমতার সঙ্গে বৈঠক করেছিলেন। থমকে থাকা রেল প্রকল্পগুলির জট ছাড়াতে উদ্যোগী হয়েছিলেন তিনি। কিন্তু রাজনৈতিক মতপার্থক্যের কারণে তা ফলপ্রসূ হয়নি। বর্তমানে কেন্দ্র ও রাজ্যে বিজেপি পরিচালিত সরকার। বাংলার মানুষ এবার তারই সুফল পেতে শুরু করবেন।’