রাজ্য সরকারি কর্মীদের জন্য কড়াকড়ি, আসছে নয়া নিয়ম! জানালেন অগ্নিমিত্রা পাল

Published:

Biometric Attendance

প্রীতি পোদ্দার, কলকাতা: লাগামছাড়া কাজ আর নয়, এখন থেকে কর্মীদের জন্য সরকারি অফিসে চালু হবে বায়োমেট্রিক হাজিরা (Biometric Attendance)৷ মঙ্গলবার এমনটাই জানিয়ে দিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। রাজ্যে পালাবদলের পরে কিছুদিন আগেই রাইটার্স বিল্ডিংসে থাকা বিচার বিভাগের কর্মীদের জন্য অফিসে ঢোকা বেরনোর নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল। আর এবার সেই নিয়ম রাজ্য সরকারের সমস্ত অফিসেই চালু হতে চলেছে।

নির্মল সাথীদের জন্য বায়োমেট্রিক ব্যবস্থা!

গতকাল, মঙ্গলবার মন্ত্রী অগ্নিমিত্রা পাল নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে চড়িয়াল খালে গিয়েছিলেন। সেখান একটি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘প্রতিটা মানুষকে কাজের জন্য দায়বদ্ধ থাকতে হবে। সময় মতো আসতে হবে এবং যেতেও হবে। প্রত্যেক সরকারি অফিসে বায়োমেট্রিক থাকবে। এছাড়াও নির্মল বন্ধু বা নির্মল সাথীদের জন্যও বায়োমেট্রিক ব্যবস্থা থাকবে। তাঁদের গলায় একটি কার্ড থাকবে। এবং নির্ধারিত স্থানে ‘জিও-ট্যাগিং’-এর মাধ্যমে যাচাই করা হবে। সরকার আমাদের মাইনে দিচ্ছে। সরকারের টাকা আসছে সাধারণ মানুষের থেকে। সুতরাং সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধ থাকতেই হবে।’

যত্রতত্র জঞ্জালেও নেওয়া হবে জরিমানা

অগ্নিমিত্রা পাল এদিন যত্রতত্র ময়লা আর্বজনা ফেলা নিয়েও কড়া মন্তব্য করেন। এই বিষয়ে তিনি জানান, “বর্জ্য অপসারণের বিষয়ে জনগণকে আরও সচেতন হতে হবে। এর জন্য জনসাধারণকে তিন মাস সময় দেওয়া হবে। সেপ্টেম্বর মাস থেকে, যারা নিয়ম লঙ্ঘন করবেন, তাদের ওপর জরিমানা আরোপ করা হবে।” অবশ্যই বিভিন্ন ধরণের আবর্জনার জন্য আলাদা আলাদা পাত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছেন তিনি। সেক্ষেত্রে কেউ যদি বর্জ্য পৃথক না করে থাকে, তাহলে সাফাই কর্মীরা সেই গৃহস্থালি বর্জ্য সংগ্রহ করতে অস্বীকার করতে পারেন বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন: আবাস প্রকল্পে নাম তুলতে এবার স্ব-সমীক্ষা, বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

কী বলছেন অগ্নিমিত্রা পাল?

মঙ্গলবার, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আদি গঙ্গা, বিধাননগরের ক্যানটন্টমেন্ট এবং পুজালি খালের ড্রেজিং নিয়েও আশ্বাস দিয়েছেন। বর্ষার আগেই বেশ কয়েকটি জলাশয় থেকে পলি অপসারণের কাজের অগ্রগতি কর্তৃপক্ষ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন বলেও জানান তিনি। এ ছাড়াও একাধিক কোম্পানিগুলিকে গঙ্গায় জল ফেলা নিয়ে কড়া বার্তাও দিয়েছেন তিনি। স্থানীয়দের সামনেই অগ্নিমিত্রা জানিয়েছেন যে, ‘কিছু মেশিন আছে যেগুলি পলিউটেড জলগুলি গঙ্গায় মিশতে দেয় না। যদি সেই মেশিন সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান না কেনে তাহলে কোম্পানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।’