আবাস প্রকল্পে নাম তুলতে এবার স্ব-সমীক্ষা, বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

Published:

PM Awas Yojana

প্রীতি পোদ্দার, কলকাতা: আর লাগবে না অপরের সাহায্য, গ্রামীণ আবাস প্রকল্পে (PM Awas Yojana) এবার স্ব-সমীক্ষার সুবিধা নিয়ে আসল রাজ্য সরকার (Government Of West Bengal)। এর আগে আবাস যোজনা প্রকল্পে আবেদনকারী কোন দলের সমর্থক তা দেখে উপভোক্তা বাছাইয়ের অভিযোগ উঠে এসেছিল পূর্বতন সরকার তৃণমূলের বিরুদ্ধে। তবে এবার আর রাজনৈতিক রং দেখে প্রকল্পের সুবিধা দেওয়া হবে না, কারণ অন্যান্য রাজ্যের মতো এরাজ্যে ‘সেলফ সার্ভে’ বা ‘স্ব-সমীক্ষা’ (Self Servey) পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

আবাস যোজনার ক্ষেত্রে ‘স্ব-সমীক্ষা’!

আবাস যোজনার ক্ষেত্রে ‘সেলফ সার্ভে’ বা ‘স্ব-সমীক্ষা’ পদ্ধতি হল প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আর্থিক সহায়তার প্রয়োজন থাকলে আবেদনকারী নির্দিষ্ট অ্যাপের মাধ্যমেই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে মোবাইল ফোনে ‘আবাসপ্লাস ২০২৪’ এবং ‘আধারফেস আরডি’ অ্যাপগুলি ডাউনলোড করে আধার যাচাইয়ের মাধ্যমে আবেদন করতে হবে। পরে এই আবেদনের ভিত্তিতে সমীক্ষকরা সরকারি নিয়ম অনুযায়ী আবেদনকারীর বাড়িতে গিয়ে যাচাই প্রক্রিয়া চালু করবেন। এবং যাঁরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন না, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তা চিহ্নিত করার কাজ করবেন সমীক্ষকরা।

বিশেষ নির্দেশ মুখ্যসচিবের

জানা গিয়েছে, নতুন করে আবাস যোজনার উপভোক্তা তালিকা তৈরির কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। এই বিষয়ে গত ৩০ মে জেলাশাসকদের একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে আগামী ২০ জুলাইয়ের মধ্যে এই কাজ শেষ করার পাশপাশি একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তিনি। অনলাইন এবং অফলাইন দুই ক্ষেত্রেই ত্রিস্তরীয় যাচাই নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। অন্তত ১০ শতাংশ পরিবারের তথ্য ব্লক বা মহকুমা স্তরের আধিকারিকদের দ্বারা যাচাই করতে হবে। এছাড়া ৫ শতাংশ ক্ষেত্রে ব্লক স্তরের আধিকারিক এবং ২ শতাংশ ক্ষেত্রে জেলা স্তরের আধিকারিকদের পৃথক যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন: নবান্নে বৈঠকের পর বকেয়া DA নিয়ে বিজ্ঞপ্তি রাজ্য সরকারের, জারি বিশেষ নম্বরও

আবাস প্রকল্প যাচাইয়ের ক্ষেত্রে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে অন্তত দুটি সমীক্ষক দল গঠন করা হবে, যেখানে গ্রাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের আধিকারিকরা থাকবেন। এছাড়াও সমীক্ষার সঙ্গে যুক্ত কর্মীদের নাম, পদবি, স্বাক্ষর, ই-কেওয়াইসি এবং বায়োমেট্রিক যাচাইয়ের জন্য বিশেষ পোর্টাল ও মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্টার করা হবে। মুখ্যসচিব স্পষ্ট জানিয়েছেন, গ্রামীণ এলাকার বহু যোগ্য পরিবার এখনও পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তার আওতায় আসতে পারেনি। তাই উপভোক্তা নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও নির্ভুল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে। যদি কাজের সময় কোনো গাফিলতি ধরা পড়ে তাহলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।