নবান্নে বৈঠকের পর বকেয়া DA নিয়ে বিজ্ঞপ্তি রাজ্য সরকারের, জারি বিশেষ নম্বরও

Published:

Dearness allowance

সহেলি মিত্র, কলকাতা: ডিএ (Dearness allowance), ডিআর নিয়ে আরও বড় পদক্ষেপের পথে হাঁটল রাজ্য সরকার (Government of West Bengal)। এমনিতেই গত ১ জুন কর্মচারী সংগঠনগুলির সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি আশ্বাস দেন, শীঘ্রই সকলের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে। এখন এই সংক্রান্ত অনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। মূলত বকেয়া মহার্ঘ্য ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। নিশ্চয়ই ভাবছেন কী আছে বিজ্ঞপ্তিতে?

ডিএ নিয়ে বিজ্ঞপ্তি সরকারের

বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সব রাজ্য সরকারি পেনশনপ্রাপক বা পারিবারিক পেনশনপ্রাপকদের পেনশন সংশ্লিষ্টদের মৃত্যুর কারণে বন্ধ হয়ে গিয়েছে, তাঁদের নমিনি বা যোগ্য উত্তরাধিকারীরা বকেয়া ডিআর পাবেন। সেক্ষেত্রে ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যাঁরা পেতেন তাঁরাই যোগ্য হবেন। যাইহোক, বকেয়া পেতে এখন প্রয়োজনীয় নথি-সহ সংশ্লিষ্টদের ট্রেজারি কার্যালয়ে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পে বড় মাইলফলক অর্জন রেলের, হয়ে গেল বিরাট কাজ

আসলে পেনশন বা পারিবারিক পেনশনপ্রাপকদের যাঁরা ট্রেজারি থেকে পেনশন পেয়ে থাকেন, অথচ তাঁদের মধ্যে যাঁদের জীবনের শংসাপত্র জমা না দেওয়ার কারণে তা বন্ধ রয়েছে। ফলে এখন সংশ্লিষ্টদের ক্ষেত্রে ট্রেজারিতে গিয়ে বা অনলাইনে সেই শংসাপত্র জমা করতে হবে। এ ব্যাপারে সহযোগিতার জন্য ০৩৩-২২৫৩-৫৪১৭ নম্বরে যোগাযোগ করতে বলেছে সরকার। আবার পেনশন বা পারিবারিক পেনশনপ্রাপকদের যাঁরা কলকাতা, অন্য রাজ্য বা দেশে তা ট্রান্সফার করেছেন, তাঁরা বা তাঁদের আইনসম্মত উত্তরাধিকারীরা বকেয়ার ব্যাপারে ট্রেজারি বা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন।

কোথায় আবেদন জানাবেন?

অনেকের কাছেই হয়তো পরিষ্কার নয় যে কোথায় এবং কীভাবে বকেয়া পেতে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে রাজ্যের অর্থ দফতর জানিয়েছে, কর্মচারী এবং সংশ্লিষ্ট সব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ‘ম্যানুয়াল সার্ভিস বুক’ স্ক্যান করে রাজ্যের আইএফএমএস পোর্টালে আপলোড করতে বলেছে নবান্ন। একই সঙ্গে, এইচআরএমএস-মডিউলে ই-সার্ভিস বুক দ্রুত পূরণ করার নির্দেশও নিয়েছে রাজ্য সরকার।