সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিজেপি সরকারের চালু করা সবথেকে জনদরদী প্রকল্প হল অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। ইতিমধ্যেই এই প্রকল্পের চতুর্থ কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে। তবে এই প্রকল্প চালুর সময় বিভিন্ন ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়, যার মধ্যে অন্যতম হল, যাঁরা সরকারি চাকরির সঙ্গে যুক্ত বা মাসে ১০,০০০ টাকার বেশি বেতন পান তাঁদেরকে অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়া হবে না। সেই সূত্রে প্রথমে বাদ পড়েন আশা কর্মীরা। তবে তা নিয়ে এতদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তাঁরা। এবার আশা কর্মীদের উদ্দেশ্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।
আশা কর্মীরাও পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা?
এবারের বাজেটে রাজ্যের অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির পাশাপাশি আশা কর্মী বা আইসিডিএস কর্মীদের একধাক্কায় ৫০০০ টাকা করে সাম্মানিক বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে তা সত্ত্বেও অন্নপূর্ণা যোজনার সুবিধা না পাওয়ায় রাজ্যের বিভিন্ন জায়গার বিডিও অফিস, পৌরসভা ঘেরাও করে আন্দোলনে নামেন তাঁরা। তাঁদের একটাই বক্তব্য, গ্রামগঞ্জে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁরা নিয়মিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অথচ সরকারি প্রকল্প থেকে বঞ্চিত তাঁরা। অবশেষে মুখ্যমন্ত্রী এবার তাঁদের উদ্দেশ্যে বড় কথা শোনালেন।
গতকাল রাজ্যজুড়ে পালিত হয়েছে অন্নপূর্ণা দিবস। রাজ্যের ১ কোটি ৫৬ লক্ষ মহিলার অ্যাকাউন্টে দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা। অন্নপূর্ণা দিবসের সভামঞ্চ থেকে এদিন আশা কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, “আইসিডিএস এবং আশা কর্মীদের বেতন আমরা আগস্ট মাস থেকে ৫০০০ টাকা করে বাড়িয়েছি। আমরা প্রাণীমিত্রাদেরও বেতন ২০০০ টাকা করে বাড়িয়েছি, এবং তাঁরাও যেহেতু ১০ হাজার টাকার কম বেতন পান, তাই তাঁরাও অন্নপূর্ণা যোজনাতে যুক্ত হচ্ছেন।”
আরও পড়ুন: ‘রথকে উল্টো করে বাড়ি পাঠাব..’, অভিষেকের মন্তব্য মনে করিয়ে চাঞ্চল্যকর দাবি মা হাসিরানির
মুখ্যমন্ত্রী আরও বলেন, “নরেন্দ্র মোদীজির গ্যারান্টি ছিল, অন্নপূর্ণা যোজনা যা আমরা ইতিমধ্যেই একটি বড় সংখ্যক মহিলাদের অ্যাকাউন্টে দিতে পেরেছি। আজকে তাঁর জন্মদিন। তাই প্রত্যেক বছর এই দিনটি আমরা অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করব। শুধু এখানে ৬০ হাজার অন্নপূর্ণা আজ এসেছেন তা নয়, গোটা রাজ্যের আরও ৫০০ জায়গায় আরও কয়েক লক্ষ যারা অন্নপূর্ণা যোজনায় যোগ্য, তাঁরা ভার্চুয়ালি যুক্ত হয়েছেন।” তবে মুখ্যমন্ত্রী এখানে জানিয়েছেন শুধুমাত্র প্রাণীমিত্রা কর্মীরাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। কারণ, যেহেতু তাঁদের বেতন ১০ হাজার টাকার কম। আশা কর্মীরা পাবেন কিনা সে বিষয়ে সরাসরি তিনি কিছু বলেননি।










