সৌভিক মুখার্জী, কলকাতা: শিয়ালদা ডিভিশনে (Sealdah Railway Division) আরও এক রেল প্রকল্পের অনুমোদন। দীর্ঘদিন ধরেই তীর্থযাত্রীদের দাবি ছিল, চাকলা লোকনাথ ধাম (Chakla Loknath Dham) পর্যন্ত রেললাইন স্থাপনের। এবার সেই দাবি মান্যতা দিচ্ছে রেল (Indian Railways)। এবার থেকে ট্রেনে চেপেই যাওয়া যাবে লোকনাথ বাবার ধামে। পূর্ব রেলের শিয়ালদা–বনগাঁ শাখার বিড়া স্টেশন থেকে ১১.৩ কিলোমিটার দীর্ঘ চাকলা পর্যন্ত রেললাইন নির্মাণের কাজের ইঙ্গিত মিলল।
চাকলাধাম পর্যন্ত রেললাইন
এতদিন পর্যন্ত এই রুটে জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা ছিল। তবে নতুন সরকার ক্ষমতা দখল করার পরেই প্রয়োজনীয় ছাড়পত্র মিলেছে। যার কারণে এই রেললাইন বাস্তবায়নের ইঙ্গিত মিলছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনীয় সরকারী ছাড়পত্রের অভাবে এতদিন এই কাজ থমকে ছিল। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনের তালিকায় যে ৬১টি প্রকল্প রয়েছে, তার আওতায় পড়ছে বিড়া–চাকলা নতুন রেললাইন। এই লাইন একবার তৈরি হলে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে তীর্থগামী যাত্রীদের প্রচুর উপকার হবে।
না বললেই নয়, চাকলার লোকনাথ বাবার ধামে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত দর্শন করতে আসেন। এমনকি ভিন রাজ্য থেকেও এখানে ভক্তদের সমাগম লক্ষ্য করা যায়। কিন্তু সমস্যা হচ্ছে, এই মন্দিরটি নিকটবর্তী স্টেশন বিড়া থেকে অনেকটাই ভিতরে প্রায় ১১.৩ কিলোমিটার দূরে অবস্থিত। এমনকি হাবড়া থেকেও প্রায় ২০ কিলোমিটার দূরত্ব। সেই কারণে তীর্থযাত্রীদের বিড়া স্টেশনে নেমে ভাগ ভাগ করে এই মন্দিরে পৌঁছতে হতো, যা যথেষ্ট সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল।
আরও পড়ুন: ‘তৃণমূলের প্রতি আমার বহু অভিযোগ, রাগ, যন্ত্রণা …’ ক্ষোভ উগরে দিলেন কুণাল ঘোষ
কিন্তু এই রেল লাইন তৈরি হলে খুব কম সময়ের মধ্যে এবং অল্প টাকাতেই চাকলা ধাম যাওয়া যাবে বলেই দাবি বিশেষজ্ঞদের। যে জমি সংক্রান্ত জটিলতা এতদিন এই প্রকল্প আটকে রেখেছিল, সেই জমিয় অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন শুধুমাত্র রেলের অনুমোদনের অপেক্ষা। প্রয়োজনীয় ছাড়পত্র দিলেই বিড়া–চাকলা রেলপথের কাজ শুরু হবে, এবং তীর্থযাত্রীদের ভোগান্তি দূর হবে। এমনকি শুধু তীর্থযাত্রী নয়, বরং এই লাইনের সাধারণ যাত্রীরাও বিশেষ সুফল লাভ করবে। বিশেষ করে বেড়াচাঁপা, বাদুড়িয়া ইত্যাদি জায়গার মানুষজন এই রেল লাইনের সুবিধা পাবে।










