প্রীতি পোদ্দার, কলকাতা: আর রক্ষে নেই, এবার গ্রেপ্তার হলেন উত্তর ২৪ পরগনার অশোকনগর (Ashoknagar) – কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার। অভিযোগ, নিজের বাড়ির বাগানে পুরসভার গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলার ফেলেছিলেন তিনি। আর সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। ঘটনায় থানার সামনে বিজেপি কর্মী ও বাসিন্দারা বিক্ষোভ দেখালে কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামলায়।
গ্রেফতার অশোকনগর চেয়ারম্যান
স্থানীয় সূত্রের খবর, গতকাল, শুক্রবার রাতে পুরপ্রধান প্রবোধ সরকারের বাড়ির বাগানে আচমকা আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দাদের মনে সন্দেহ হয়। অভিযোগ নিজের বাড়িতেই তিনি পুরসভার বিশেষ ফাইল পোড়াচ্ছিলেন। আর সেই অনুযায়ী স্থানীয় বাসিন্দারা চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এবং বিজেপি কর্মী সমর্থকরাও হাজির হয়েছিল। তাঁরা দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও প্রথমে ঘর থেকে বের হননি পুরপ্রধান। শেষে খবর দেওয়া হয়েছিল অশোকনগর থানার পুলিশকে। জানা গিয়েছে পুলিশ নাকি পাঁচিল টপকে বাড়ির ভেতরে ঢোকে।
বারাসত আদালতে তোলা হবে
ঘটনা প্রসঙ্গে পুর প্রধানের দাবি, বাগানে তিনি কেবল শুকনো পাতা পোড়াচ্ছিলেন। যদিও বিজেপি-র নেতাদের অভিযোগ, শুকনো পাতা নয়, পুরসভার ও বিভিন্ন সরকারি নথি-সহ পরিচয় পত্র পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছিল। তুমুল বিক্ষোভ শুরু হয়েছিল এলাকা জুড়ে। শেষে পুলিশ অভিযোগ পেয়ে মাঝরাতে পুরপ্রধানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। জানা গিয়েছে, আজই নাকি তাঁকে বারাসত আদালতে তোলা হবে। এদিকে এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে কি প্রধানের বিপদের সময় তাঁরাও পিছু হটতে লাগল?
আরও পড়ুন: বেআইনি নির্মাণে এবার বিপাকে সন্দীপ ঘোষ! ভাঙার আল্টিমেটাম কলকাতা পুরসভার
স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, অশোকনগর-কল্যাণগড় পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে আবাস যোজনার বাড়ি তৈরি সংক্রান্ত ও আরও নানা অভিযোগ ছিলই। কিন্তু প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। শেষে সরকার পরিবর্তন হতেই স্থানীয়দের ক্ষোভ বাড়তে থাকে। আর তাই দুর্নীতির প্রমাণ লোপাটের জন্যই নথিপত্র পোড়ানো হয়েছে। অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ।










