সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকারের পরিবর্তন হতেই একাধিক কঠোর পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রথম থেকেই রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন তিনি। তবে তার পাশাপাশি বিতর্কিত একাধিক রাস্তার নাম পরিবর্তন (Street Renaming) করাতেও শিলমোহর দিয়েছে রাজ্য সরকার। বদলানো হয়েছে সোহরাওয়ার্দী অ্যাভিনিউর নাম। পরিবর্তন করে রাখা হয়েছে গোপাল মুখার্জী রোড। তবে এবার বিশ্ব বাংলা সহ কলকাতার একাধিক জায়গার নাম পরিবর্তন করবে রাজ্য সরকার। এমনই ইঙ্গিত মিলেছে।
চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি
প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী, এবার বিশ্ব বাংলা সরণি থেকে শুরু করে পার্ক সার্কাস সেভেন পয়েন্টের মতো একাধিক গুরুত্বপূর্ণ রোডের নাম পরিবর্তন করা হবে। সেক্ষেত্রে বিশ্ব বাংলা সরণির নাম বদলে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের নামে নতুন কোনও নাম দেওয়া হতে পারে বলেই জানা যাচ্ছে। পাশাপাশি লেলিন, কালমার্কসের নামে নামাঙ্কিত বিভিন্ন সরণিগুলির নাম বদলে দেওয়া হতে পারে বলেই প্রাথমিকভাবে খবর। তবে হ্যাঁ, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। কিন্তু কমিটি এ নিয়ে আলোচনা করছে।
আসলে সেই সময় সোহরাওয়ার্দী অ্যাভিনিউর নাম পরিবর্তন করে গোপাল পাঁঠার নাম দেওয়ায় বিতর্কের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট বক্তব্য ছিল, কোনও মুঘল কিংবা পাঠান বা অত্যাচারী ব্রিটিশের নামে কলকাতার রাস্তার নাম থাকবে না। এপিজে আবদুল কালামের মতো কোনও প্রকৃত দেশভক্ত থাকলে তাঁকে মর্যাদা দেবে সরকার। এমনকি কার্তিক মহারাজের নেতৃত্বে রাস্তার নামকরণ করার একটি কমিটি গঠন করা হয়। সেখানে দাঁড়িয়ে কার্তিক মহারাজ স্পষ্ট জানান, “আমরা বাংলার ঐতিহাসিকবিদ, বিশেষ করে যারা স্বাধীনতার সঙ্গে যুক্ত, ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত তাদের নিয়েই কমিটি গঠন করছি। কোন জায়গার কোন নামকরণ করা হবে, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে।”
আরও পড়ুন: “মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করব…” শিক্ষামন্ত্রী হয়ে মুখ খুললেন প্রহ্লাদ যোশী
তবে বেশ কিছু সূত্র অনুযায়ী খবর, আগামী দূর্গাপূজার আগেই বিশ্ব বাংলা সরণির নাম পরিবর্তন করে শ্রী চৈতন্যদেবের নামে নামাঙ্কিত করা হতে পারে। পাশাপাশি কলকাতার আরও একগুচ্ছ বিতর্কিত রোডের নাম পরিবর্তন করা হবে বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কার্তিক মহারাজের স্পষ্ট বক্তব্য, “ভুল বার্তার জন্য বিদেশীরা তাদের সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। আমরা চাই ভারতীয় উৎকর্ষ সঙ্গে যুক্ত, এরকম মানুষদের নামেই রাস্তাগুলি নামাঙ্কিত করা হোক।”










