প্রীতি পোদ্দার, কলকাতা: প্রথমবার খারিজ হওয়ায় ফের চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল এবারেও। কিন্তু শেষমুহূর্তে খারিজ করল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, শুনানি হবে তালিকা মেনেই। দ্রুত শুনানির প্রয়োজন নেই।
অভিষেকের আবেদন খারিজ
উল্লেখ্য, গত মঙ্গলবার চোখের চিকিৎসার কারণে সাত দিনের জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের কাছে দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এ বিষয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করলেও সেই আর্জি খারিজ হয়ে গিয়েছিল। আদালত জানিয়েছিল, এখনই ওই মামলার শুনানি সম্ভব নয়। মামলার স্বাভাবিক প্রক্রিয়াতেই তা শুনানির জন্য তালিকায় আসবে। কিন্তু এরপরও পুনরায় সেই একই আবেদন নিয়ে এসেছিল অভিষেকের আইনজীবী। আর এ বারেও সেই একই কথা জানিয়ে দিল আদালত।
স্পষ্ট নির্দেশ হাইকোর্টের
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ সোমবার হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর হয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, নির্ধারিত সূচি অনুযায়ী জুলাই মাসেই মামলার শুনানি হবে। অর্থাৎ আরও চাপে পড়লেন অভিষেক। উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদে একটি দলীয় কর্মসূচি থেকে কলকাতায় ফিরছিলেন অভিষেক। আর সেই সময়ই পথে দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। ওই দুর্ঘটনায় চোখের নীচে গুরুতর চোট পাওয়ায় একাধিক হাসপাতালে চিকিৎসা হয় তাঁর। পরে বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করান তিনি। কিন্তু এবার বিদেশ যাত্রার আবেদন ফিরিয়ে দিল হাইকোর্ট।
আরও পড়ুন: বিধানসভায় আজ পেশ নয় UCC বিল, সামনে এল রাজ্য সরকারের নয়া পরিকল্পনা
প্রসঙ্গত, তৃণমূল ক্ষমতা থেকে সরতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে একের পর এক মামলা হয়েই চলেছে। তার সঙ্গে ED CBI তলব তো রয়েছেই। অন্যদিকে ভোটে হারার পর তৃণমূলের অধিকাংশ নেতা-কর্মী সব দায় চাপিয়েছেন একদা ‘যুবরাজ’ অভিষেকের উপর। তাই ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত সকলে। এখন দেখার এই মামলার শুনানি কবে নির্ধারিত হয় কলকাতা হাইকোর্টে।










