রেড রোডেই হবে যোগ দিবস, বিকল্প পথ তৈরির জন্য পুলিশকে নির্দেশ হাইকোর্টের

Published:

Calcutta High Court

প্রীতি পোদ্দার, কলকাতা: খারিজ হল মামলা! রেড রোডেই (Red Road) ২১ জুন পালন হবে যোগ দিবস (Yoga Day)। জানা গিয়েছে, প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে হাইকোর্টের (Calcutta High Court) তরফে কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হল না। তবে জনস্বার্থের কথা মাথায় রেখে পুলিশকে বিকল্প রাস্তা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আজ, বৃহস্পতিবার, রেড রোড বন্ধ করার বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলার পরিপ্রেক্ষিতে এমনটাই নির্দেশ দিল আদালত।

যোগ দিবস কর্মসূচির জন্য বন্ধ রেড রোড

আগামী ২১ জুন, রবিবার যোগ দিবস কর্মসূচিকে সামনে রেখে গত ১৪ জুন রাত থেকে ২১ জুন যোগ দিবসের কর্মসূচি শেষ না-হওয়া পর্যন্ত মেয়ো রোডে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে বলে আগেই একটি নির্দেশিকার মাধ্যমে জানিয়ে দিয়েছিল কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। সেই অনুযায়ী স্ট্র্যান্ড রোড থেকে রাজা উডমুন্ট স্ট্রিট যাওয়ার পথে, সিআর অ্যাভিনিউ থেকে দক্ষিণে জিসি অ্যাভিনিউ যাওয়ার পথেও এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর তাতেই ক্ষুব্ধ সাধারণ জনগণ। তারপরই প্রশাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয় অল ইন্ডিয়া লইয়ার্স অ্যাসোসিয়েশন।

রেড রোড বন্ধ নিয়ে প্রশ্ন বিচারপতির

রিপোর্ট অনুযায়ী আজ, বৃহস্পতিবার হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে অল ইন্ডিয়া লইয়ার্স অ্যাসোসিয়েশনের দায়ের করা মামলার শুনানি ওঠে। সেখানে যোগ দিবসের জন্য টানা ৭ দিন রেড রোড বন্ধ থাকা নিয়ে নাগরিক স্বার্থ ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে আদালতে। শুনানির সময় বিচারপতি জানতে চান, “অনুষ্ঠানটি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজন করা হলে কী সমস্যা হত। তাহলে সাধারণ মানুষের রেড রোড ব্যবহারে বাধা তৈরি হত না।”

বিচারপতি রেড রোড বন্ধের বিষয়ে রাজ্যের উদ্দেশে বলেন, “মানছি এটা রাজ্যের সরকারি অনুষ্ঠান, এটা রাজনৈতিক নয়। তার পরেও বলছি, এটা ব্রিগেডে হলে নাগরিকের রেড রোড ব্যবহারে সমস্যা হত না। গোটা রাস্তাই বা কেন বন্ধ, কেন অর্ধেক খোলা নয়?”

হলফনামা জমা দেওয়ার নির্দেশ বিচারপতির

বিচারপতির এই প্রশ্নের উত্তরে রাজ্যের পক্ষে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য আদালতে জানান, “প্রধানমন্ত্রী SPG নিরাপত্তা পান। সেই কারণেই গোটা রাস্তা বন্ধ করতে হচ্ছে। সেনাবাহিনীর অনুমতি নিয়েই রেড রোডে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।” এছাড়াও তিনি আরও বলেন, “পুরো রেড রোড নয়, মাত্র প্রায় ৮০০ মিটার অংশে বিধিনিষেধ জারি করা হয়েছে এবং বিকল্প রাস্তার ব্যবস্থাও রাখা হয়েছে।” এরপরই আদালত জানায়, তিন সপ্তাহের মধ্যে মামলাকারী পক্ষ এবং রাজ্য কে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। একই সঙ্গে পুলিশকে তাঁর নির্দেশ, বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে সব নাগরিকের জন্য, যাতে তাঁরা সুষ্ঠু ভাবে গন্তব্যে পৌঁছতে পারেন।

আরও পড়ুন: রাজ্যের ৪৬৫টি বেসরকারি স্কুলের স্বীকৃতি বাতিল করল বিজেপি সরকার

বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ মামলাকারীর আবেদন খারিজ করে জানাল, ২১ জুন, রবিবার রেড রোডে যোগ দিবস পালনের কোনও বাধা নেই। তবে বিকল্প পথের ব্যবস্থার পাশাপাশি ২১ তারিখ অনুষ্ঠান শেষ হওয়ার পরই সেই রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। উল্লেখ্য, ২১ জুন কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও আগের দিন সকালে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে গঙ্গাবক্ষে যোগাভ্যাসের মেগা কার্নিভাল হবে। মিলেনিয়াম পার্ক, বেলুড়-দক্ষিণেশ্বর, বাবুঘাট, প্রিন্সেপ ঘাটে ৫০০ নৌকোয় হবে যোগাভ্যাস।