বিক্রম ব্যানার্জী, কলকাতা: এর আগে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি পদের জন্য 9 জনের নাম সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের (Supreme Court Of India) কলেজিয়াম। শীর্ষ আদালতের কলেজিয়ামের তরফে গত 12 মে পাঠানো তালিকা থেকে মূলত আটটি নাম বেছে নিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির তরফে সেই সিলমোহরের 12 ঘণ্টার মধ্যেই কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন ওই আটজন। এতদিন তাঁরা প্রত্যেকেই কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ করে এসেছিলেন।
8 নতুন বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট
বার অ্যান্ড বেঞ্চের রিপোর্ট অনুযায়ী, সুপ্রিম কোর্টের কলেজিয়ামের তরফে নাম সুপারিশ করে দেওয়ার পর রাষ্ট্রপতির সবুজ সংকেত পেয়ে এত দ্রুত বিচারপতিদের শপথ গ্রহণ করার নজির খুব কমই রয়েছে। সাধারণত রাষ্ট্রপতির অনুমোদনের পর বিচারপতিদের শপথ গ্রহণ করতে কয়েকদিন কেটে যায়। তবে শনিবার, বিকেল তিনটে নাগাদ কলকাতা হাইকোর্টের নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় এদিনই বিকেল চারটে বেজে পনেরো মিনিটে নতুন বিচারপতিদের শপথ বাক্য পাঠ করানো হবে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আট বিচারপতিকে শপথ বাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রোত চক্রবর্তী। সেই বিজ্ঞপ্তি প্রকাশের পরই নির্ধারিত সময়ে একে একে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির হাত ধরে শপথ গ্রহণ করেন প্রাক্তন আইনজীবী তথা নতুন আট বিচারপতি। এদিন নতুন বিচারপতিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সাথেই উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের অন্যান্য বিচারপতিরাও।
অবশ্যই পড়ুন: ‘গোপনে’ বিয়ে করে ফেললেন KKR-র তারকা অলরাউন্ডার, পাত্রীকে চিনে নিন
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নতুন বিচারপতি হিসেবে গতকাল শপথ নিয়েছেন এক সময়কার বলিষ্ঠ আইনজীবী সন্দীপকুমার দে, পার্থপ্রতিম রায়, সুদীপ দেব, আর্যক দত্ত, অতরূপ বন্দ্যোপাধ্যায়, রিশদ মেদো, অনুজ সিং এবং অর্জুন রায় মুখোপাধ্যায়। এদিন শপথ নেওয়ার পর নিজেদের সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন তাঁরা।









