বিক্রম ব্যানার্জী, কলকাতা: শহর কলকাতায় লিওনেল মেসির (Lionel Messi) ইভেন্টে বিশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এবার প্রশ্ন তুলল খোদ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। উচ্চ আদালতের বিচারপতি সৌগত ভট্টাচার্যের প্রশ্ন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যকালের বন্ধু হন? ঠিক কোন কারণে মেসির অত কাছে গেছিলেন তিনি? বিচারপতির স্পষ্ট বক্তব্য, বাকি জায়গাগুলিতে আর্জেন্টাইন ফুটবলারের ইভেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন হল। তাহলে কলকাতায় সমস্যাটা হল কোথায়? এ নিয়ে যত দ্রুত সম্ভব রিপোর্ট জমা দিতে বলেছে আদালত। সেই সাথে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তীব্র ভৎসনা করেন আদালতের বিচারপতি সৌগত।
অরূপ বিশ্বাসকে ভৎসনা হাইকোর্টের
মেসি কান্ড নিয়ে গঙ্গা দিয়ে জল বয়ে গিয়েছে অনেক। যতবারই যুবভারতীর বিশৃঙ্খলার প্রসঙ্গ উঠেছে ততবারই জড়িয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের নাম। আর জড়াবে নাই বা কেন, তিনিই তো একেবারে হোতা সেজে গোটা ইভেন্টা কার্যত পন্ড করেছেন বলে অভিযোগ। এবার তা নিয়েই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট।
বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বললেন, কলকাতায় মেসির নিরাপত্তায় বিঘ্ন ঘটেছে। এত লোক কীভাবে আর্জেন্টাইন ফুটবলারের কাছাকাছি গেলেন? মামলাকারী অরূপ বিশ্বাস তখন তো মন্ত্রী ছিলেন। তিনি কেন এমন আচরণ করলেন? “একজন মন্ত্রী যা আচরণ করেছেন সেটাকে কীভাবে বিচার করা যায়?”
বুধবার মেসি কান্ড নিয়ে পুলিশকে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই সাথে যতদিন না পর্যন্ত গোটা বিষয়ে পরিষ্কার হচ্ছে ততদিন তদন্ত চলবে বলেও জানায় আদালত। একই সাথে তদন্তের স্বার্থে মামলাকারী অরূপ বিশ্বাসকে নিয়মিত সহযোগিতা করতে হবে বলেও জানানো হয়। পাশাপাশি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুলিশের কথামতো হাজিরা দেবেন এবং আদালতের নির্দেশ বা অনুমতি ছাড়া শহরের বাইরে যেতে পারবেন না বলেই জানিয়ে দেন হাইকোর্টের বিচারপতি।
অবশ্যই পড়ুন: রিলায়েন্সের সাথে ভারতে প্রথম AI ডেটা সেন্টার তৈরি করছে Meta, ঘোষণা জাকারবার্গের
উল্লেখ্য, কিছুদিন আগেই মেসি কান্ড নিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপের বিরুদ্ধে মোট পাঁচটি ধারায় FIR দায়ের করেছিলেন বাঙালি ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। সেই অভিযোগের ভিত্তিতেই তৃণমূল নেতাকে তলব করেছিল পুলিশ। প্রাক্তন মন্ত্রী হাজিরা এড়ানোয় পুনরায় তাঁকে নোটিস দেয় বিধাননগর দক্ষিণ থানা। আর তারপরই গ্রেফতারির আশঙ্কায় গত সোমবার কলকাতা হাইকোর্টে সমস্ত অভিযোগ খারিজ করার আবেদন জানিয়েছিলেন অরূপ বিশ্বাসের আইনজীবী কিশোর দত্ত।










