বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত ছবি বানিয়ে সেই প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগ উঠেছিল অভিনেত্রী শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra)বিরুদ্ধে। সেই মর্মে, তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছিল একাধিক FIR। আইনি গেরোয় পড়েছিলেন শ্রীলেখা। সেই সংক্রান্ত মামলায় এবার অভিনেত্রীকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । উচ্চ আদালতের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ জানিয়ে দিল, এখন শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে কোনও রকম আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। শুধু তাই নয়, অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা খারিজের আবেদন জানানো হয়েছে আদালতে।
শ্রীলেখাকে রক্ষাকবচ দিল আদালত
এর আগে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কলকাতার রাস্তায় মিছিলে শামিল হয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দিয়ে একটি বিকৃত প্ল্যাকার্ড বানিয়ে তা প্রকাশ্যে দেখানোর অভিযোগ উঠেছিল বাঙালি অভিনেত্রীর বিরুদ্ধে। সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে দায়ের হয় মামলা। আর সেই মামলার জল কলকাতা হাইকোর্টে গড়াতেই এবার অভিনেত্রীর পক্ষে সিদ্ধান্ত রাখল আদালত।
এদিন, বাঙালি অভিনেত্রীর হয়ে কলকাতা হাইকোর্টে মামলা লড়লেন বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি আদালতে জানান, তাঁর মক্কেল শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে মোট 16টি FIR হয়েছে। আইনজীবী বলেন, সংশ্লিষ্ট পোস্টারটি হয়তো রুচিহীন বা আপত্তিকর হতে পারে কিন্তু ওই এক পোস্টারের জন্য অভিনেত্রীর বিরুদ্ধে ফৌজদারী মামলা চালানোর মতো আদৌ অপরাধ হয়েছে কিনা সেটাই প্রশ্ন।
আরও পড়ুন: পারেনি কেউ, মাত্র ৪ বছর বয়সে দাবায় বিশ্বরেকর্ড গড়ল ভারতের খুদে এলেনা
বলাই বাহুল্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে শ্রীলেখা মিত্রের মামলার শুনানি চলাকালীন আদালত একেবারে সরাসরি প্রশ্ন করে, “প্রকাশ্যে কীভাবে এই ধরনের ছবি প্রদর্শন করা যায়?” এদিন ওই ছবির গ্রহণযোগ্যতা নিয়ে এক প্রকার প্রশ্ন তুললেও শুনানি শেষে শ্রীলেখার বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ না নেওয়ারই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।










