বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের (Pakistan) অবস্থা বেহাল। তার মধ্যেও এবার বড় রেকর্ড গড়লেন পাক তারকা তথা প্রাক্তন অধিনায়ক বাবর আজম (Babar Azam)। শ্রীলঙ্কার বিরুদ্ধে সম্প্রতি মাঠে নেমে হাফ সেঞ্চুরি করতে না পারলেও মাত্র 45 রান তুলেই বড় কীর্তি অর্জন করেছেন এই পাকিস্তানি খেলোয়াড়। এই এক ইনিংসের মাধ্যমে নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে 16 হাজার রানের মাইলফলক অর্জন করেছেন তিনি। একই সাথে 141 ইনিংস খেলে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক খেলোয়াড়ও হয়েছেন বাবর।
বড় কীর্তি বাবরের
শ্রীলঙ্কার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে নেমে প্রথম ম্যাচেই ওয়ানডে ক্রিকেটে নিজের 141 তম ইনিংস সম্পূর্ণ করেন বাবর আজম। 50 ওভারের ক্রিকেটে আজ পর্যন্ত মোট 6,671 রান রয়েছে এই খেলোয়াড়ের। এছাড়াও পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নামের পাশে রয়েছে 20টি সেঞ্চুরি এবং 38টি হাফ সেঞ্চুরি। বলাই বাহুল্য, এর আগে ওয়ানডে ক্রিকেটে 141 তম ইনিংস খেলে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার দখলে।
নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে একের পর এক রেকর্ড করে বিরাট কোহলিকেও কিছু ক্ষেত্রে ছাপিয়ে গিয়েছিলেন তিনি। এতদিন আমলা 141 ইনিংসে 6,626 রান করে তালিকার শীর্ষে ছিলেন। তবে এবার সেই জায়গা দখল করলেন বাবর। দক্ষিণ আফ্রিকান তারকার থেকে মাত্র 45 রান বেশি করেছেন পাকিস্তানি ক্রিকেটার। অন্যদিকে একদিনের ক্রিকেটে 141 ইনিংসে 6,224 রান করে তালিকার তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি।
আরও পড়ুন: নিউজিল্যান্ড সিরিজই শেষ! না শুধরালে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে পারেন ৩ ক্রিকেটার
তবে যে কথা না বললেই নয়, বিরাট কোহলি এখনও পর্যন্ত 15,109 রান করে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। কিং কোহলি 305টি ইনিংস খেলে এই রান করেছেন। এছাড়াও একদিনের ক্রিকেটে 55টি দাপুটে সেঞ্চুরি রয়েছে ভারতীয় মহাতারকার। ওয়ানডে বিশ্বকাপের পর অর্থাৎ অবসরের আগে পর্যন্ত নিজের রান এবং সেঞ্চুরির সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করবেন বিরাট।










