বাংলায় শুরু হতে চলেছে ডিজিটাল জনগণনা, জারি বিজ্ঞপ্তি

Published:

Census 2027

প্রীতি পোদ্দার, কলকাতা: আর দেরি নয়, এবার পশ্চিমবঙ্গেও (West Bengal) জনগণনার প্রস্তুতি (Census 2027) শুরু হতে চলেছে। এমতাবস্থায় সেনসাস অফিসার (Census Officers Appointment) নিয়োগে কড়া বার্তা পাঠানো হয়েছে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর থেকে। সাধারণত ১০ বছর অন্তর জনগণনা বা সেনসাস হয়। তবে করোনাকালে জনগণনা হয়নি। যা নিয়ে অনেক তর্ক বিতর্ক শুরু হয়েছিল। তবে এবার ২৬ এর ভোট মিটতেই চর্চায় উঠে এল জনগণনা। জানা গিয়েছে, এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হতে চলেছে।

বিশেষ দায়িত্ব অফিসারদের

গত ১৮ মে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের জারি করা বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, ডিভিশনাল কমিশনারদের ডিভিশনাল সেনসাস অফিসার, জেলা শাসকদের প্রিন্সিপাল সেনসাস অফিসার এবং অতিরিক্ত জেলা শাসকদের ডিস্ট্রিক্ট সেনসাস অফিসার হিসেবে নিয়োগ করা হতে চলেছে। এছাড়াও ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার, ডিস্ট্রিক্ট স্ট্যাটিসটিক্যাল অফিসার, জেলা ইনফরমেটিক্স অফিসার এবং জেলা শিক্ষা আধিকারিকদের অতিরিক্ত জেলা জনগণনা আধিকারিক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও মহকুমা শাসক ও মহকুমা ম্যাজিস্ট্রেটরা সাব-ডিভিশনাল সেনসাস অফিসার হিসেবে কাজ শুরু করবেন।

দায়িত্ব পালনের সতর্কবার্তা

বিজ্ঞপ্তি অনুযায়ী ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ BDO-দের চার্জ সেনসাস অফিসার হিসেবে নিয়োগ করা হতে চলেছে। পাশাপাশি শহরাঞ্চলের ক্ষেত্রে পুরসভা স্তরের আধিকারিকদের নিয়োগ করা হতে চলছে। জানা গিয়েছে, মিউনিসিপ্যাল কমিশনারদের প্রিন্সিপাল সেনসাস অফিসার এবং পুরসভা-স্ট্যাটিউটরি টাউনের এক্সিকিউটিভ অফিসার, প্রশাসক ও সচিবদের টাউন সেনসাস অফিসার করা হচ্ছে জনগণনার জন্য। প্রত্যেকে যাতে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করে তার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, জনগণনা সংক্রান্ত কাজে নিযুক্ত ব্যক্তি যদি দায়িত্ব পালনে অস্বীকার করেন বা অন্যের কাজে বাধা দেন, তাহলে জনগণনা আইন, ১৯৪৮-এর ১১ নম্বর ধারায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: পুরনো Aadhaar অ্যাপের কাজ শেষ! আসছে নতুন, রয়েছে অনেক বিশেষত্ব

স্বরাষ্ট্রদফতর সূত্রে খবর, জনগণনা আধিকারিকের অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে তাকে ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে এবং গুরুতর অপরাধের ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। রিপোর্ট অনুযায়ী, ২০২৭ সালের জনগণনা দুই ধাপে হবে, প্রথম ধাপ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে ৩০ সেপ্টেম্বর। এইবারের জনগণনায় নাগরিকরা নিজস্ব নথিভুক্তকরণ-এর সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ DA মামলায় নয়া মোড়, পিছিয়ে যেতে পারে শুনানি

ডিজিটাল পদ্ধতিতে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। পরিবারের বিস্তারিত তথ্যের পাশাপাশি বাড়ি ও সম্পত্তির তথ্য ও হিসেব উল্লেখ করতে হবে। এরপর জনগণনার আধিকারিকরা প্রত্যেক বাড়ি গিয়ে সেই তথ্য খতিয়ে দেখবেন। এরপরই আবেদনপত্র লক হয়ে যাবে। এবারের জনগণনার বাজেট বরাদ্দ করা হয়েছে ১১ হাজার ৭১৮ কোটি। এখন দেখার এই কাজ কতটা সুষ্ঠভাবে সুসম্পন্ন হয়।