শিলিগুড়ি-NJP রুটে ডাবল লাইন, ‘চিকেনস নেক’-এ মোটা বরাদ্দ রেলের

Published:

NJP-Siliguri Double Line

সহেলি মিত্র, কলকাতা: বাংলার রেল ব্যবস্থায় বিরাট বিপ্লব ঘটাতে চলেছে কেন্দ্রীয় সরকার। আর সেক্ষেত্রে আরও এক ধাপ এগোল মোদী সরকার। জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি–শিলিগুড়ি রেললাইনের ডাবলিং (NJP-Siliguri Double Line) -এর জন্য ৯১৬.১৮ কোটি টাকা অনুমোদন দিল রেল মন্ত্রক। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ৭.১৫ কিমি দীর্ঘ এই প্রকল্প চলমান আলুয়াবাড়ি রোড–ঠাকুরগঞ্জ ডাবলিং কাজকে শিলিগুড়ি জংশন পর্যন্ত সম্প্রসারণ করবে, গুরুত্বপূর্ণ স্টেশনগুলি যেমন বাগডোগরা, নকশালবাড়ি অন্তর্ভুক্ত থাকবে। ইতিমধ্যে এই বিষয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্তা।

নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি রেলপথ ডাবলিং প্রকল্পে সবুজ সংকেত

জানা গিয়েছে, এই রেল লাইনের ডাবলিং-এর কাজ সম্পন্ন হলে রেল যানজট কমবে, ট্রেন দেরিতে চলার সমস্যার কমবে। সেইসঙ্গে যাত্রী ও মালামাল চলাচল উন্নত করতে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি -তরাই এবং চিকনস্ নেক অঞ্চলে আরও ট্রেন পরিষেবার পথ সুগম করবে। রাজু বিস্তা কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে এটা জানাচ্ছি যে যে রেলমন্ত্রক নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি রেলপথের ডাবলিং কাজের জন্য ৯১৬.১৮ কোটি টাকা অনুমোদন করেছে, যা ৭.১৫ কিলোমিটার দৈর্ঘ্যযুক্ত অংশকে কভার করবে।’

তিনি আরও লেখেন, ‘এই গুরুত্বপূর্ণ অংশে দ্বিতীয় লাইন যুক্ত করার মাধ্যমে, আমরা আমাদের অঞ্চলের রেল নেটওয়ার্কের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করব। এটি এই গুরুত্বপূর্ণ অংশে ট্রেনের চলাচলকে আরও মসৃণ এবং দ্রুত করতে সাহায্য করবে। আরও গুরুত্বপূর্ণ, এটি আমাদের অঞ্চলের জন্য আরও ট্রেন চালুর সুযোগও আনবে। আরও, উন্নত অবকাঠামো এবং ৯১৬.১৮ কোটি টাকার বিশাল বিনিয়োগ আমাদের অঞ্চলে অর্থনৈতিক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে। এটি এই গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ অঞ্চলে আরেকটি গুরুত্বপূর্ণ সংযোগের স্তরও যুক্ত করবে।’

বদলে যাচ্ছে এনজেপি স্টেশন

এদিকে আমূল বদলের যেতে চলেছে এনজেপি স্টেশন। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন দ্রুতগতিতে বড় আকারের পুনর্নির্মাণের কাজ এগিয়ে চলার সাথে সাথে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রেল কেন্দ্রে রূপান্তরিত হচ্ছে। স্টেশনে চলমান পুনর্নির্মাণের কাজ পরিদর্শন করার পর জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, স্টেশনটিকে একটি বিশ্বমানের পরিবহন ব্যবস্থায় উন্নীত করা হচ্ছে।

আরও পড়ুনঃ গঙ্গাসাগর সেতু তৈরিতে রইল না কোনও বাধা, জট কাটাল রাজ্য! কবে তৈরি হবে ব্রিজ?

সাংসদ বলেন, ‘ভারতীয় রেলের ভবিষ্যতে এনজেপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত। আগামী বছরগুলিতে দূরপাল্লার পরিষেবা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন এই স্টেশন থেকে যাত্রা শুরু করবে।’ সাংসদ আরও জানান যে, ভবিষ্যতে স্টেশনটিতে ভূগর্ভস্থ রেল সংযোগ অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে, যা পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র হিসেবে এর মর্যাদাকে আরও বাড়িয়ে তুলবে।