প্রীতি পোদ্দার, কলকাতা: ফের খবরের শিরোনামে উঠে এল বনগাঁকাণ্ড (Bangaon Case)! আদালতে এবার অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) বিরুদ্ধে গঠিত হল চার্জশিট। জানা গিয়েছে, গতকাল, অভিযোগকারী তনয় শাস্ত্রীর বয়ানের ভিত্তিতে গঠিত হয়েছিল সেই চার্জশিট। আশঙ্কা করা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে আদালতে হাজিরা দিতে হতে পারে মিমিকে।
ফের চর্চায় বনগাঁকাণ্ড
উল্লেখ্য, চলতি বছরের ২৬ জানুয়ারি, বনগাঁর গোপালগঞ্জ এলাকায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। কিন্তু তাঁর অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন ‘অভদ্র ভাবে’ মঞ্চ থেকে তাঁকে নেমে যেতে বলেন ওই ক্লাবের সদস্য তনয় শাস্ত্রী। এরপর মিমি ওই ব্যক্তির বিরুদ্ধে পরে স্থানীয় থানায় ই-মেল মারফত লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। আর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তের খাতিরে তনয় শাস্ত্রীর বাড়িতে গিয়েছিল। কিন্তু সেই সময় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তনয়কে গ্রেফতার করা হয়। যদিও পরে জামিনে ছাড়া পান তিনি। এরপরই মিমির বিরুদ্ধে পাল্টা মামলা করেন তনয় শাস্ত্রী।
মিমির বিরুদ্ধে চার্জশিট!
জানা গিয়েছে, তনয় শাস্ত্রীর আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, যিনি কিনা বর্তমানে রাজারহাট গোপালপুরের বিজেপির বিধায়ক, তিনি আদালতে মিমির বিরুদ্ধে চার্জশিট গঠনের আবেদন করেছিলেন। আর সেই আবেদনে অনুমতি মিলতেই শুরু হয় কাজ। এই প্রসঙ্গে তনয় শাস্ত্রী জানিয়েছেন, “মিমি এক দিনও আদালতে হাজিরা দেননি। ২ জুনও আসেননি। বদলে তাঁর আইনজীবী এসেছিলেন। তিনি আসলে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন। তাই আমার আইনজীবী আদালতে মিমির বিরুদ্ধে চার্জশিট গঠনের আবেদন করেন। অন্যায় যখন করেছেন, তার শাস্তি তাঁকে পেতেই হবে।”
আরও পড়ুন: সমবায় ব্যাঙ্কে ৩ কোটির দুর্নীতি, নিলামে উঠবে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার সম্পত্তি
অভিনেত্রী মিমি চক্রবর্তীর প্রতি ক্ষোভ প্রকাশ করে তনয় শাস্ত্রী জানান, “আদালতে হাজিরা দিতেই হবে মিমিকে। আমিও এর শেষ দেখে ছাড়ব। উনি অকারণে আমায় জেলে পাঠিয়েছেন। এর প্রতিশোধ আমি নেবই।” এই ঘটনায় অভিনেত্রী মিমির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল কিন্তু অভিনেত্রীর তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার মিমি এই আইনি জটিলতা থেকে কীভাবে নিজেকে রক্ষা করেন।










