সৌভিক মুখার্জী, কলকাতা: চলতি মাসের ১৭ তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা ঢুকবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষেই দেওয়া হবে অন্নপূর্ণার টাকা। তবে তারই মধ্যে মিলল বিরাট সুখবর। আগের ধাপে যারা আবেদন করতে পারেননি বা রাজ্য সরকারের তরফ থেকে যাদের আবেদন বাতিল করা হয়েছিল, তাদের জন্য এবার মিলল সুখবর। নতুন করে করা যাবে আবেদন?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় খবর
২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন বলেই জানিয়েছিল রাজ্য সরকার। তবে তার পাশাপাশি কিছু যোগ্যতা পূরণ করতে হচ্ছিল। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, আগস্ট মাসে মোট ১ কোটি ৪৮ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন। এমনকি প্রত্যেক মহিলার তথ্য নতুন করে ভেরিফাই করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। তবে এখনও পর্যন্ত এমন অনেক মহিলা রয়েছেন, যারা অন্নপূর্ণা যোজনায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারেননি। তাদের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সরকারের তরফ থেকে জানানো হয়েছে, আগামী নভেম্বর বা ডিসেম্বর মাস নাগাদ ফের রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। সেখানে তারা নতুন করে আবেদন করতে পারবেন। অন্নপূর্ণা যোজনার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পেও আবেদন করা যাবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এছাড়া সেপ্টেম্বরের কিস্তি যাদের অ্যাকাউন্টে ঢুকবে না তারাও সেখানে সমস্যা সমাধানের সুযোগ পাবেন।
আরও পড়ুন: হিন্দু বিরোধীতা, গোমাংস খাওয়ার জের, বিকাশ রঞ্জনকে খুনের হুমকি!
সেপ্টেম্বরে কারা পাবেন টাকা?
যারা আগস্ট মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন, তারা নির্দ্বিধায় সেপ্টেম্বরের টাকা পাবেন, যদি অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কের কোনও সমস্যা না থাকে বা ডিবিটি লিঙ্ক উপলব্ধ থাকে। তবে যারা ভুয়ো তথ্য দিয়ে অন্নপূর্ণার সুবিধা নিয়েছিলেন, তাদের আবেদন বাতিল হবে বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এছাড়া অবশ্যই সেই মহিলার বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে, এবং তিনি অন্য কোনও জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা নিলে চলবে না। তবে সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অবশ্যই যোগ্য মহিলাদের উচিত, তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি রয়েছে কিনা তা একবার চেক করা।










